ঢাকা, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরো ২০১২’র ‘এ’ গ্র“পের খেলায় মঙ্গলবার ২-১ গোলে সাবেক চ্যাম্পিয়ন গ্রিসকে হারিয়েছে চেক প্রজাতন্ত্র।
ওয়ারশর মিজস্কি স্টেডিয়ামে গ্রিসের রক্ষণভাগ কিছু বোঝে উঠার আগেই দুই গোল হজম করে বসে। মাত্র তিন মিনিটের মাথায় এগিয়ে যায় চেক প্রজাতন্ত্র। থমাস হাবসচম্যান খুঁজে পান গোল করার মতো জায়গায় দাঁড়িয়ে থাকা মিডফিল্ডার পিটার জিরাচেককে। সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেন নি জিরাচেক।
৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ভাচকভ পিলার। এই গোলের উৎস রক্ষণভাগের খেলোয়াড় থিওডর গ্যাব্রি সেলাসি। ডানপ্রান্ত দিয়ে অনেকখানি উপরে উঠে মাপা ক্রসে বক্সের ভেতর বল দেন ভাচকভকে এবং তিনি কোনো ভুল করেন নি।
২-০ গোলে পিছিয়ে যাওয়ার পর গোল শোধে মরিয়া হয়ে উঠে গ্রিস। প্রথমার্ধে দুয়েকটি সুযোগ পেলেও স্ট্রাইকারের ব্যর্থতায় সেগুলোর একটিও সফল হয়নি।
দ্বিতীয়ার্ধের শুরুতেই অবশ্য অন্য চেহারা গ্রিসের। পরিকল্পিত আক্রমণ থেকে ব্যবধান কমাতেও বেশি সময় নেয়নি তারা। ৫৩ মিনিটের মাথায় থিওফানিস জেকাস গোল করে ২০০৪ সালের চ্যাম্পিয়নদের জাগিয়ে তুলেন।
এর পর দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে কিন্তু তার কোনটিই সফল হয়নি।
নিজেদের প্রথম খেলায় চেক প্রজাতন্ত্র ৪-১ গোলে হারে রাশিয়ার কাছে। গ্রিস প্রথম খেলায় সহ-আয়োজক পোল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএ/২৩৫৪ ঘ.
bdnews24