ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আট থেকেই বিদায় নিয়ে এসি মিলান হতাশায় আক্রান্ত। তবে হতাশার চেয়েও টুর্নামেন্টের ৭ বারের চ্যাম্পিয়নরা নেদারল্যান্ডসের রেফারি বিওর্ন কাইপার্সের দেয়া একটি সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ।
এসি মিলানের সুইডিশ স্ট্রাইকার ইব্রাহিমোভিচ সরাসরি পক্ষপাতের অভিযোগ এনেছেন রেফারির বিরুদ্ধে। ২০১০ সালে বার্সেলোনা ছাড়ার পর ন্যু ক্যাম্পে এটাই ছিলো ইব্রাহিমোভিচের প্রথম ম্যাচ।
বার্সার পাওয়া দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্তটি কিছুতেই মেনে নিতে পারছেন না ইব্রাহিমোভিচ। খেলা শেষে দেয়া তার প্রতিক্রিয়ায় প্রতিধ্বনিত হয়েছে রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনহোর অভিযোগ। অনেক দিন ধরেই মরিনহোর দাবী, চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনার সাফল্য রেফারিদের আশীর্বাদ পুুষ্ট।
ইব্রাহিমোভিচ বলেন, “আমি খুবই বিরক্ত। আমার এটাকে (দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্তকে) মোটেও ন্যায্য বলে মনে হয়নি। এখন আমি বুঝতে পারছি প্রত্যেকবার এখানে (ন্যু ক্যাম্পে) খেলার পর মরিনহো কেন বিপর্যস্ত হয়ে পড়েন।”
প্রথমার্ধের ৪০ মিনিটে নেয়া একটি কর্নার থেকে বিতর্কিত ঘটনাটির সূত্রপাত। কর্নার নেয়ার সময় মিলানের অভিজ্ঞ ডিফেন্ডার আলেসান্দ্রো নেস্তা প্রতিপক্ষের ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুস্কেটসকে ধাক্কা মেরে ফেলে দেন। সঙ্গে-সঙ্গে পেনাল্টির নির্দেশ দেন কাইপার্স। সাধারণত পেনাল্টি বক্সের ভেতরে এ ধরনের ঘটনা উপেক্ষা করে থাকেন রেফারিরা।
এই পেনাল্টি সম্পর্কে ইব্রাহিমোভিচ বলেন, “বল তখন ঘটনাস্থলে ছিল না। অথচ তিনি (রেফারি) পেনাল্টির সিদ্ধান্ত দিয়েছেন। সিদ্ধান্তটা খুবই খারাপ ছিলো আর এটা খেলাটাকে একেবারে ধ্বংস করে দিয়েছে।”
“আমি এখনো বুঝতে পারছি না কেন তিনি বাঁশি বাজিয়েছিলেন। ঐ ঘটনার পর পেনাল্টি দিলেও অন্য কয়েকটি ঘটনায় রেফারি কিন্তু বাঁশি বাজান নি,” যোগ করেন ইব্রাহিমোভিচ।
গত চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে আর্সেনালকে বিদায় করে দেয়া ম্যাচেও রেফারির কৃপা পেয়েছিল বার্সেলোনা। দ্বিতীয়ার্ধের শুরুতে বাঁশি বাজানোর পরও খেলা চালিয়ে যাওয়ার ‘অপরাধে’ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছিল আর্সেনালের নির্ভরযোগ্য স্ট্রাইকার রবিন ফন পার্সিকে। সে সময় ১-১ সমতা ছিল ম্যাচে।
এরপর বার্সেলোনার বিপক্ষে সেমিফাইনালে প্রায় পুরো সময় ১০ জন নিয়ে খেলে ২-০ গোলে হেরে যায় রিয়াল মাদ্রিদ। ঐ ম্যাচে ডিফেন্ডার পেপের লাল কার্ড নিয়ে এখনো রেফারির সমালোচনার মুখর মরিনহো।
মঙ্গলবার মিলানের কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রিও একহাত নিয়েছেন রেফারিকে। ম্যাচ শেষে তিনি বলেন “কখনো-কখনো রেফারি একটি দলকে একটু বেশিই সুযোগ-সুবিধা দিয়ে ফেলেন। প্রথম পেনাল্টি আমাদের ভুলে হয়েছে। কিন্তু দ্বিতীয়টি নিতে তিনি ওদের সহায়তা করেছেন। আসলে বার্সেলোনায় গিয়ে খেলা কখনোই সহজ নয়।”
ম্যাচ শেষে নেস্তাও গুরুতর অভিযোগ করেন। তার অভিযোগ, রেফারি পেনাল্টির নির্দেশ দেয়ার আগে তিনি নিজেই বার্সা অধিনায়ক কার্লোস পুয়োলের ফাউলের শিকার হয়েছিলেন। দ্বিতীয় পেনাল্টিকে তার দেখা সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলেও মনে করেন নেস্তা।
তিনি বলেন, “আমি বুস্কেটসকে সামান্য ধাক্কা দিলেও আমাকে পেছন থেকে আটকে রেখেছিলেন পুয়োল। আর তিনি আমাকে অবৈধভাবেই আটকে রেখেছিলেন। কর্নার থেকে বল বক্সের ভেতরে আসার আগেই পেনাল্টির নির্দেশ দিয়ে রেফারি আমাকে চমকে দিয়েছিলেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এএআর/১৭২১ঘ.
bdnews24