ঢাকা, ফেব্রে“য়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ক্রীড়া মন্ত্রণালয় ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যৌথ উদ্যোগে হতে যাচ্ছে জাতীয় ফুটবল অ্যাকাডেমি। রোববার বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ও ক্রীড়া সচিব মাহবুব আহমেদের মধ্যে এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়।
ক্রীড়া মন্ত্রণালয়ের পঞ্চবার্ষিকী পরিকল্পনার অংশ হিসেবে এই অ্যাকাডেমি গঠন করা হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনা খাতে ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ।
প্রথম ৫ বছর এই অ্যাকাডেমির সমস্ত খরচ বহন করবে ক্রীড়া মন্ত্রণালয়। এ সময় বাফুফে দেবে কারিগরি সহায়তা। ৫ বছর পর বাফুফের তত্ত্বাবধানে পরিচালিত হবে ফুটবল অ্যাকাডেমিটি।
তবে এই একাডেমি কোথায় হবে এবং কবে থেকে এর কার্যক্রম শুরু হবে, সে ব্যাপারে এখনো কোন সিদ্ধান্ত নেয়া হয়নি।
সভায় আরো উপস্থিত ছিলেন বাফুফের সহ-সভাপতি বাদল রায়, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব শফিক আনোয়ার এবং পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আব্দুর রহমান।
বেশ কিছু দিন আগে আরেকটি ফুটবল একাডেমির জন্য সিলেট বিকেএসপি বুঝে পেয়েছে বাফুফে। কিন্তু স্পন্সরের অভাবে সেটির কার্যক্রম এখনো শুরু করতে পারেনি দেশের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এএআর/২০২৪ঘ.
bdnews24