ঢাকা, ফেব্র“য়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইংল্যান্ড এ বছরের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে পারে তত্ত্বাবধায়ক কোচের অধীনে।
প্রতিযোগিতাটি হবে জুনে ইউক্রেন ও পোল্যান্ডে।
নতুন কোচ নিয়ে ইংল্যান্ডের ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফুটবল অ্যাসোসিয়েশনের (এফএ) আলোচনায় বসার কথা শুক্রবার। কোচ হওয়ার দৌড়ে অবশ্য এগিয়ে আছেন টটেনহ্যাম হটস্পারের হ্যারি রেডন্যাপ। বুধবার আকস্মিকভাবে পদত্যাগ করেন ফ্যাবিও ক্যাপেলো।
ইংল্যান্ডের অনূর্ধ্ব-২১ দলের কোচ স্টুয়ার্ট পিয়ার্সের অধীনে জাতীয় দল ২৯ ফেব্র“য়ারি ওয়েম্বলিতে প্রীতি ম্যাচ খেলবে নেদারল্যান্ডসের বিপক্ষে। লন্ডন অলিম্পিকে ব্রিটিশ দলেরও কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
লন্ডনে এক সাংবাদিক সম্মেলনে এফএ সভাপতি ডেভিড বার্নস্টেইনের কাছে জানতে চাওয়া হয় ইংল্যান্ড কি তত্ত্বাবধায়ক কোচের অধীনে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ খেলতে যাবে? জবাবে তিনি বলেন, সম্ভাবনা রয়েছে। তবে সব ধরনের বিকল্প নিয়ে চিন্তাভাবনা করা হচ্ছে।
তার ভাষায়, “এই পর্যায়ে আমরা আমাদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে আবদ্ধ রাখতে চাই না। নতুন কোচ ইংরেজ হতে পারেন, ব্রিটিশ হতে পারেন, আবার নাও হতে পারেন। তাকে নিয়োগ দেয়া হতে পারে শুধু মাত্র ইউরোর কথা মাথায় রেখে। আবার নিয়োগ দেয়া হতে পারে দীর্ঘ মেয়াদের জন্যও।
ওলন্দাজদের সঙ্গে প্রীতি খেলার পর ইংল্যান্ড ২৬ মে খেলবে নরওয়ের সঙ্গে ও ২ জুন বেলজিয়ামের সঙ্গে। আর ইউরোতে ১১ জুন ফ্রান্স, ১৫ জুন সুইডেন ও ১৯ জুন ইউক্রেনের সঙ্গে খেলবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৩০৪ ঘ.
bdnews24