ঢাকা, জানুয়ারি ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভিয়ারিয়ালের সঙ্গে গোলশূন্য ড্র করার পরও খেলোয়াড়দের সমালোচনা করলেন না বার্সেলোনার কোচ পেপ গার্দিওলা। বরং তাদের শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার পরামর্শ দিলেন তিনি।
এটি নিয়ে লা লিগায় ছয় খেলায় ড্র করায় গার্দিওলার দল চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের চেয়ে পিছিয়ে পড়লো সাত পয়েন্ট। ২০ খেলায় ৫২ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে হোসে মরিনহোর দল।
খেলা শেষে গার্দিওলা বলেন, “আমরা খুবই ভালো খেলেছি, দৌড়িয়েছিও প্রচুর। আজ (শনিবার) রাতে যেভাবে লড়াই করেছি, ঠিক সেভাবে প্রতিটি জায়গায় লড়াই করে যেতে চাই।”
কাউকে দোষ দেয়ার কিছু নেই বলে উল্লেখ করে তিনি বলেন, “আমি আমার খেলোয়াড়দের এ কথাই বলতে চাই যে আমরা শেষ পর্যন্ত লড়াই করে যাবো এবং এখন আমাদের সব খেলাতেই জিততে হবে।”
“বল জালে জড়িয়ে দেয়ার মতো ভাগ্য আমাদের ছিল না। কিন্তু গত সপ্তাহের খেলা ও অর্জনের পর আমি সন্তুষ্ট,” যোগ করেন তিনি।
ভিয়ারিয়ালেরও প্রশংসা করেন বার্সা কোচ, “দলের খেলোয়াড়রা বেশ কয়েকবার গোলে শট নিয়েছেন এবং চমৎকার খেলেছেন।”
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১৫০০ ঘ.
bdnews24