লন্ডন, জানুয়ারি ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শেষ মুহূর্তে ফুটবল বিধাতা চেলসির দিকে মুখ তুলে চাইলেও ফিরিয়ে নেয় আর্সেনালের দিক থেকে। প্রিমিয়ার লিগে সোমবার ফ্রাঙ্ক ল্যাম্পার্ডের ৮৯ মিনিটের গোলে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সকে ২-১ গোলে হারায় চেলসি। আর ববি জামোরার খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগের গোলে ফুলহ্যাম ২-১ গোলে জেতে আর্সেনালের বিপক্ষে।
দিনের অন্য তিন খেলার সবগুলোতেই জেতে অতিথি দল। সোয়ানসি সিটি ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে, স্টক সিটি ২-১ গোলে ব্ল্যাকবার্ন রোভার্সকে ও নরউইচ সিটি ২-১ গোলে হারায় কুইন্স পার্ক রেঞ্জার্সকে।
উলভসের মাঠে ৫৪ মিনিটে কর্নার থেকে গোল করে চেলসিকে এগিয়ে নেন রামিরেস। উলভসের স্টিফেন ওয়ার্ড খেলায় সমতা ফেরান ৮৫ মিনিটে। তখন মনে হচ্ছিল অমীমাংসিতভাবে শেষ হতে যাচ্ছে খেলা।
কিন্তু ফুটবল বিধাতা সেভাবে ভাবেননি। শেষ মুহূর্তে জয় উপহার দেন চেলসিকে।
খেলা শেষে ল্যাম্পর্ড একে গুরুত্বপূর্ণ জয় বলে অভিহিত করেন। তিনি বলেন, “সবাই জানে, আমরা কঠিন একটা সময়ের মধ্যে আছি। কিন্তু জয়ের অদম্য আকাঙ্খাই আমাদের জিতিয়েছে। এই জয় আমাদের প্রাপ্য।”
ক্যারাভান কটেজে খেলার ২১ মিনিটে লরেন্ট কসিয়েলনি মাথা দিয়ে এগিয়ে নেন আর্সেনালকে। নিজেদের মাঠে শেষ খেলায় ম্যানচেস্টার ইউনাটেডের কাছে ৫-০ গোলে হার মানলেও ফুলহ্যাম দ্বিতীয়ার্ধে ভালোভাবেই ঘুরে দাঁড়ায়।
খেলার ৭৫ মিনিটে গোল শোধ করার চমৎকার একটা সুযোগ পায় ফুলহ্যাম। কিন্তু ভেস্তে যায় তা। তিন মিনিট পর জামোরাকে ফাউল করায় চেলসির জোহান দজুরুকে লাল কার্ড দেখান রেফারি। এরপর খেলার পাল্লা পুরোপুরি হেলে যায় ফুলহ্যামের দিকে।
মাথা দিয়ে ফুলহ্যামকে খেলায় ফেরান স্টিভ সাইডওয়েল ৮৫ মিনিটে। আর খেলা শেষের বাঁশি বাজার কয়েক সেকেন্ড আগে জয়সূচক গোল করেন জামোরা বাঁ-পা দিয়ে।
ম্যানচেস্টার সিটি ১৯ খেলায় ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে। নগর প্রতিপক্ষ ম্যানচেস্টার ইউনাটেডের পয়েন্ট ৪৫ হলেও দলটি পিছিয়ে আছে গোল ব্যবধানে। তৃতীয় টটেনহ্যাম হটস্পারের পয়েন্ট ৩৯, তবে এক খেলা হাতে আছে দলটির।
চেলসি ২০ খেলায় ৩৭ পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে। পঞ্চম আর্সেনালের পয়েন্ট ৩৬।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/১১০৫ ঘ.
bdnews24