ঢাকা, অগাস্ট ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চীনের নতুন ফুটবল কোচ জোসে আন্তোনিয়ো কামাচো দলকে দেখতে চান ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপের চূড়ান্ত পর্বে।
রিয়াল মাদ্রিদের সাবেক কোচ কামাচো চীনের দায়িত্ব নেয়ার পর রোববার বলেন, "চীন দারুণ একটি দল। বিশ্বকাপে খেলার সব যোগ্যতাই তাদের রয়েছে।"
গাও হংবোর স্থলাভিষিক্ত হলেন কামাচো। স্পেনের সাবেক এই কোচের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে চীন। তিনি বলেন, "আমি জানি, মূল লক্ষ্য চীনকে বিশ্বকাপে নিয়ে যাওয়া। তা পূরণ করতে অনেক পথ যেতে হবে। সেখানে অনেক চ্যালেঞ্জ ও চাপ থাকবে।"
তিনি বলেন, "সমঝোতা হওয়ার আগ পর্যন্ত আমি এবং আমার সহকারীরা অনেক সময় নিয়ে চীন ও তার ফুটবল নিয়ে কাজ করেছি। নতুন চাকুরী নেয়ার আগে চীন ও আমাদের কাজ সম্পর্কে ভালো করে জেনে নিয়েছি।"
২০০২ সালে দক্ষিণ কোরিয়া-জাপান বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলে চীন। এতে সব কটি গ্র"প ম্যাচে হারে দলটি। সেবার কোনো গোলও করতে পারেনি তারা।
গত জানুয়ারিতে ১৬ দলের এশিয়া কাপ থেকে বিদায় নিয়েছে চীন। উজবেকিস্তান ও স্বাগতিক কাতারের পেছনে থেকে তৃতীয় হয়ে বাদ পড়ে তারা।
কামাচো বলেন, "ফুটবল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা আর চীন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশের একটি। আমি আশা করছি জাতীয় দল চীনের সব মানুষ ও মিডিয়ার সমর্থন পাবে।"
জর্ডান, ইরাক ও সিঙ্গাপুরের সঙ্গে বিশ্বকাপ এশিয়া জোনের তৃতীয় বাছাই পর্বে রয়েছে চীন। ২ সেপ্টেম্বর বাছাই পর্ব শুরু হচ্ছে।
বাছাই পর্ব থেকে ব্রাজিল বিশ্বকাপে অংশ নেবে এশিয়ার চারটি দল। একটি দল দুই পর্বের প্লে অফ খেলে চূড়ান্ত পর্বে যাওয়ার সুযোগ পাবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/১৮০৮ ঘ.
bdnews24