২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোপা আমেরিকায় পেরু তৃতীয়

হোসে পাওলো গুয়েরেরোর হ্যাট্রিকের সুবাদে ভেনিজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে পেরু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2011, 04:39 AM

Updated : 24 Aug 2022, 03:38 PM

লা প্লাতা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - হোসে পাওলো গুয়েরেরোর হ্যাট্রিকের সুবাদে ভেনিজুয়েলাকে ৪-১ গোলে হারিয়ে কোপা আমেরিকায় তৃতীয় হয়েছে পেরু। আর্জেন্টিনার লা প্লাতা স্টেডিয়ামে শনিবার রাতে গুয়েরেরো হ্যাট্রিক করেন খেলার দ্বিতীয়ার্ধে। তবে উইলিয়াম চিরোকের গোলে প্রথমার্ধেই এক গোলে এগিয়ে যায় পেরু। আর ৬০ মিনিটে লাল কার্ড দেখে ভেনিজুয়েলার টমাস রিঙ্কন মাঠ থেকে বেরিয়ে যাওয়ার পর খেলার পাল্লা পুরোপুরি হেলে যায় পেরুর দিকে। শুরুতেই জমে ওঠে খেলা। দু'দলই উপহার দিতে থাকে সুন্দর ফুটবল। পেরুর খেলোয়াড়দের পায়ে বল বেশিরভাগ সময় থাকলেও পাল্টা আক্রমণ চালিয়ে প্রতিপক্ষের রক্ষণভাগে মাঝে-মধ্যেই কাঁপন ধরিয়ে দিচ্ছিল ভেনিজুয়েলা। পাঁচ মিনিটে ঠিক এ ধরনের একটি পাল্টা-আক্রমণ চালিয়ে গোলই প্রায় করে ফেলেছিল। শট নেয়ার জন্য বক্সের মধ্যে জায়গাও বানিয়ে ফেলেছিলেন গিয়ানকার্লো মালদোনাদো। কিন্তু তার শট চলে যায় ক্রসবারের উপর দিয়ে। সত্যিকার অর্থে প্রথম গোলের গন্ধ পায় পেরু খেলার ২৫ মিনিটে। দলের এক খেলোয়াড় ভেনিজুয়েলার রক্ষণভাগের কয়েকজন খেলোয়াড়ের মাথার ওপর দিয়ে বল ফেলেন বক্সে। দৌড়ে এসে বলটি ধরেও ফেলেন চিরোক। কিন্তু কঠিন একটি অবস্থান (কোণ) থেকে নেয়া চিরোকের শট রুখে দেন গোলরক্ষক রেনি ভেগা। কিন্তু কয়েক মুহূর্ত পর ভেনিজুয়েলাও একটি সুযোগ নষ্ট করে। রেনির গোল-কিক পেরুর বক্সের মধ্যে নিয়ন্ত্রণে নেন মিকু। প্রতিপক্ষের রক্ষণভাগের সব খেলোয়াড়কে বোকা বানিয়ে পেনাল্টি এলাকার মধ্যে শট নেয়ার মতো জায়াগাও বানিয়ে ফেলেন। শটও নেন তিনি। কিন্তু গোলরক্ষক রাউল ফার্নান্দেজ ঘুষি মেরে তা পাঠিয়ে দেন বাইরে। ভেনিজুয়েলার খেলায় ধীরে ধীরে যখন ছন্দ ফিরে আসছিল ঠিক তখনই বিদ্যুৎ-গতির পাল্টা-আক্রমণ থেকে গোল আদায় করে নেয় পেরু। নিজের অর্ধেই বল ধরে চিরোক দ্রুত ঢুকে পড়েন প্রতিপক্ষের সীমানায়। সে সময় তিনি ডান প্রান্ত দিয়ে এগিয়ে আসতে দেখেন গুয়েরেরোকে। প্রতিপক্ষের বক্সের সামনে পৌঁছে চিরোক বল দেন আগুয়ান গুয়েরেরোকে। তিনি আবার বল ঠেলে দেন ভেনিজুয়েলার গোলমুখ থেকে প্রায় দুই গজ দূরে। দৌড়ে এসে চিরোক বুটের টোকায় বল পাঠিয়ে দেন জায়গা মতো। তখন প্রথমার্ধের খেলা বাকি ছিল তিন মিনিট। গোল খেয়েই সিজার ফ্যারিয়াসের খেলোয়াড়রা মরিয়া হয়ে ওঠে তা শোধ করার জন্য। এক মিনিট পরই চমৎকার একটা সুযোগ পান তারা। পায়ের কাজ দেখিয়ে বল নিয়ে ঢুকে পড়েন মিকু পেরুর বক্সে। মাত্র ছয় গজ দূর থেকে শট নেন তিনি। কিন্তু বল চলে যায় গোলপোস্টের বাইরে দিয়ে। কিন্ত ৬০ মিনিটে রিঙ্কন লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে গেলে খেলার নিয়ন্ত্রণ চলে যায় পেরুর হাতে। কার্লোস লোবাটনকে স্লাইডিং ট্যাকল করেন রিঙ্কন। ফুটবল বিশেষজ্ঞদের মতে, লাল কার্ড পাওয়ার মতো অবৈধ ট্যাকল করেননি তিনি। কিন্তু রেফারি উইলমার রোল্ডান লাল কার্ড দেখান তাকে। এরপরই দশজনের ভেনিজুয়েলাকে চেপে ধরে পেরু। সেই চাপ আর সামাল দিতে পারেনি দেশটি। ৬৫ মিনিটে ব্যবধান বাড়ান গুয়েরেরো। দলের পক্ষে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন ৭৮ মিনিটে। খেলার অতিরিক্ত সময়ে (৯০ ) হামবুর্গের আক্রমণভাগের খেলোয়াড় গুয়েরেরো আদায় করে নেন তার হ্যাট্রিক। সঙ্গে সঙ্গে খেলা শেষের বাঁশি বাজান রেফারি। রোববার রাতে প্রতিযোগিতার চূড়ান্ত খেলায় মুখোমুখি হবে উরুগুয়ে ও প্যারাগুয়ে। প্রতিযোগিতা শুরুর আগে বেশিরভাগ মানুষ ধারণা করেছিলেন শিরোপা জিতবে ব্রাজিল কিংবা আর্জেন্টিনা। কিন্তু দু'টি দলই বিদায় নেয় শেষ আটের লড়াইয়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআই/টিআর/১৭৩১ ঘ.