২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুয়ারেজের জোড়া গোলে ফাইনালে উরুগুয়ে

পাঁচ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেজের দুই গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকা কাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2011, 05:10 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাঁচ মিনিটের ব্যবধানে লুই সুয়ারেজের দুই গোলে পেরুকে হারিয়ে কোপা আমেরিকা কাপের ফাইনালে উঠেছে উরুগুয়ে। মঙ্গলবার লা প্লাতা স্টেডিয়ামের এ খেলায় ২-০ গোলে জেতে কোয়ার্টার ফাইনালে স্বাগতিক আর্জেন্টিনাকে হারানো উরুগুয়ে। ফাইনালে তারা মুখোমুখি হবে ভেনেজুয়েলা অথবা প্যারাগুয়ের। বুধবার দ্বিতীয় সেমিফাইনালে নামছে দল দুটি। প্রথমার্ধে দুই দলই কিছুটা ছন্দহীন ফুটবল খেলে। পেরুর অতিরিক্ত রক্ষণাত্মক মানসিকতা ও উরুগুয়ের পরিকল্পনাহীন মাঝমাঠের কারণে এই অর্ধে কেউই তেমন একটা আক্রমণ সাজাতে পারেনি। বল মাঝমাঠেই ঘোরাঘুরি করছিলো। এই অর্ধে উরুগুয়ে উল্লেখ করার মত আক্রমণ একবারই করতে পেরেছিলো। খেলার ১৫ মিনিটের মাথায় দিয়েগো ফোরলানের কর্নার কিক থেকে পাওয়া বল গোলপোস্ট লক্ষ্য করে মারেন আলভারো পেরেইরা। ঝাঁপিয়ে পড়ে কোন মতে বল ধরেন পেরুর গোলরক্ষক রাউল ফার্নান্দেজ। তবে বিরতির পর ধীরে ধীরে ছন্দে ফিরতে থাকে উরুগুয়ে। ৫৩ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে নেন সুয়ারেজ। যদিও ওই গোলের জন্য মূল কৃতিত্বের দাবিদার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা ফোরলান। বক্সের বাইরে থেকে গোলপোস্ট লক্ষ্য করে নেয়া ফোরলানের নিচু শটটি আটকাতে বাঁ-দিকে ঝাঁপিয়ে পড়েন ফার্নান্দেজ। কিন্তু জটলার মধ্য থেকে ছিটকে বেরিয়ে এসে ফাঁকা পোস্টে বল জালে জড়িয়ে দেন সুয়ারেজ। পাঁচ মিনিটের মধ্যেই ব্যবধান দ্বিগুণ করেন সুযোগ সন্ধানী খেলোয়াড় সুয়ারেজ। মাঝমাঠে উরুগুয়ের এক খেলোয়াড়ের কাছ থেকে বল পেয়ে পেরুর রক্ষণভাগের দুই খেলোয়াড়ের মাঝ দিয়ে বল নিয়ে এগিয়ে যান গোলপোস্টের দিকে। আগুয়ান সুয়ারেজকে থামাতে গোলপোস্ট ছেড়ে উপরে উঠে আসেন ফার্নান্দেজ। বুদ্ধিমান সুয়ারেজ ছুটে আসা ফার্নান্দেজেকে ডান দিক দিয়ে কাটিয়ে ফাঁকা জালে বল জড়িয়ে দেন। পর পর দুই গোল হজম করে নিজেদের মেজাজ কিছুটা হারিয়ে বসেন পেরুর খেলোয়াড়রা। শুরু করেন ধাক্ক-ধাক্কি। ফল স্বরূপ ৬৯ মিনিটে সরাসরি লাল কার্ড দেখে মাঠের বাইরে চলে যেতে বাধ্য হন পেরুর মাঝমাঠের খেলোয়াড় হুয়ান ভারগাস। এই ম্যাচের শুরুতেই একটি হলুদ কার্ড দেখতে হয় দুই গোলদাতা সুয়ারেজকে। দশজনের পেরুর বিপক্ষে উরুগুয়ের জয় তখন মোটামুটি নিশ্চিত। তাই সুয়ারেজের ফাইনালে খেলা নিশ্চিত করতে আর কোনো ঝুঁকি নেননি উরুগুয়ে কোচ ওসকার তাবারেজ। মাঠ থেকে তুলে নেন তাকে। রক্ষণাত্মক খেলা পেরু ৮৪ মিনিটে গোল শোধের সবচেয়ে ভালো সুযোগটা পেয়েছিলো। পেরুর পল গুয়েরেরোর গোলপোস্ট লক্ষ্য করে মারা উঁচু শটটি লাফিয়ে উঠে ঠেকিয়ে দেন কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে উরুগুয়ের জয়ের নায়ক গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। কিন্তু বলটি ধরে রাখতে ব্যর্থ হন তিনি। লাফিয়ে বল প্রায় গোল লাইন অতিক্রম করে ফেলছিলো। বলতে গেলে গোল লাইনের উপর থেকেই বলটি কোনো রকমে ধরেন মুসলেরা। ১৯৯৫ সালে সর্বশেষ কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে। আর ১৯৯৯ সালে ব্রাজিলের কাছে শিরোপা খোয়ায়। প্যারাগুয়ে ও ভেনেজুয়েলার মধ্যে যে দলই ফাইনালে উঠুক না কেনো রোববারের ফাইনালে 'ফেভারিট' দল হিসেবে মাঠে নামবে ১৪বার কোপা আমেরিকা জয়ী উরুগুয়েই। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/এমআই/১১০০ ঘ.