২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইনালে ব্রাগা ও পোর্তো

ইউরোপা লিগের ফাইনালে লড়বে পর্তুগালের দুই দল ব্রাগা ও এফসি পোর্তো। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে ব্রাগা ১-০ গোলে হারায় বেনফিকাকে। আর ভিলারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেও ৭-৪ ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাগার পথ অনুসরণ করে পোর্তো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2011, 04:17 PM

Updated : 24 Aug 2022, 03:01 PM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ইউরোপা লিগের ফাইনালে লড়বে পর্তুগালের দুই দল ব্রাগা ও এফসি পোর্তো। বৃহস্পতিবার শেষ চারের লড়াইয়ে ব্রাগা ১-০ গোলে হারায় বেনফিকাকে। আর ভিলারিয়ালের কাছে ৩-২ গোলে হেরেও ৭-৪ ব্যবধানে এগিয়ে থাকায় ব্রাগার পথ অনুসরণ করে পোর্তো। সেমিফাইনালের প্রথম খেলায় বেনফিকার মাঠে ২-১ গোলে হারে ব্রাগা। তাই ইউরোপের দ্বিতীয় সবোর্চ্চ আসরের ফাইনালে পৌঁছতে কমপক্ষে ১-০ গোলে জয় প্রয়োজন ছিল তাদের। কাস্তেদিয়োর মাথার কল্যাণে শেষ পর্যন্ত স্বপ্নের ফাইনালে জায়গা করে নিল ব্রাগা। খেলার ১৯ মিনিটে হুগো ভিয়ানার কর্নার মাথা দিয়ে বেনেফিকার জালে জড়িয়ে দেন কাস্তেদিয়ো। অপর খেলায় ভিলারিয়ালের বিদায় মোটামুটি নিশ্চিত ছিল। প্রথম খেলায় ৫-১ গোলের জয়ে ফাইনালে এক পা দিয়েই রেখেছিল পোর্তো। কিন্তু ১৭ মিনিটে কানির তীব্র শট আশার বাণী শোনায় স্বাগতিক ভিলারিয়ালকে। ২০ মিনিট পর হাল্কের গোলে সমতা ফেরায় পোর্তো। দ্বিতীয়ার্ধের শুরুতেই ফালকাওয়ের গোল ভিলারিয়ালের বিদায় ঘন্টা বাজিয়ে দেয়। গুইরানের বাড়িয়ে দেয়া বল ডান পায়ে থামিয়ে মাটি কামড়ানো শটে স্বাগতিকদের জালে জড়িয়ে দেন ফালকাও। আর নিজেকে নিয়ে যান এক অনন্য উচ্চতায়। ১৯৯৫-৯৬ মৌসুমে য়ুয়েরগেন ক্লিন্সম্যানের এক আসরের সবোর্চ্চ ১৫ গোলের রেকর্ড ভেঙে দেন কলম্বিয়ার এই খেলোয়াড়। চলতি মৌসুমে ইউরোপা লিগের ১৪ খেলায় ১৬ গোল দেন তিনি। ৭৪ মিনিটে ক্যাপডেভিলার ভলি ও ৮০ মিনিটে জিয়োসেপ্পি রসির পেনাল্টি ভিলারিয়ালকে ৩-২ গোলের জয় এনে দিলেও তা ফাইনালে পৌঁছানোর জন্য পর্যাপ্ত ছিল না। পর্তুগালের ফুটবল লিগের শিরোপা জয় করা পোর্তো ইউরোপা লিগের ফাইনালে ব্রাগার মুখোমুখি হবে মে'র ১৮ তারিখ। পর্তুগীজ কাপের ফাইনালে জায়গা করে নেয়া পোর্তোর সামনে ট্রেবল জয়ের দারুণ সুযোগ অপেক্ষা করছে এখন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/টিআর/২২০৭ ঘ.