ঢাকা, মার্চ ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বালা দেবীর হ্যাট্রিকের ওপর ভর করে অলিম্পিক প্রাক-বাছাই মহিলা ফুটবলে বাংলাদেশকে ৩-০ গোলে হারিয়েছে ভারত।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলার প্রথমার্ধে কোনো দলই গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধেই গোল তিনটি করে ভারত। আর তিনটি গোলই দেন বালা দেবী।
বালা প্রথম গোল করেন খেলার ৫২ মিনিটে। রক্ষণভাগের দুই খেলোয়াড়কে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।
এরপরই ভারত যেন চাঙ্গা হয়ে ওঠে। আক্রমণ চালাতে থাকে একের পর এক। এর ফল পায় খেলার ৭৬ মিনিটে। সুপ্রভার কর্নারে 'হেড' করেন বালা। বাংলাদেশের গোলরক্ষক সাবিনা আক্তারের হাত ফসকে বল চলে যায় গোল-লাইন অতিক্রম করে।
খেলার শেষ মিনিটে আবারো কর্নার থেকে গোল করে ভারত। এবারো গোলদাতা বালা।
খেলায় হারলেও বাংলাদেশ যে সুযোগ পায়নি, তা নয়। ৩৫ মিনিটে সাবিনা খাতুন চমৎকার একটি সুযোগ হাতছাড়া করেন। সাবিনা বল নিয়ে ভারতের বক্সে ঢুকেই নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/টিআর/২১২৬ ঘ.
bdnews24