২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ম্যান ইউ'র সঙ্গে হার্নান্দেজের পাঁচ বছরের চুক্তি

মেক্সিকোর তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংল্যান্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2011, 01:26 PM

Updated : 24 Aug 2022, 04:38 PM

ঢাকা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মেক্সিকোর তারকা স্ট্রাইকার হাভিয়ের হার্নান্দেজের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছে ইংল্যান্ডের দল ম্যানচেস্টার ইউনাইটেড। ক্লাবটির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। নতুন চুক্তি অনুযায়ী ২০১৫-১৬ মৌসুম পর্যন্ত 'ওল্ড ট্র্যাফোর্ডে' থাকবেন হার্নান্দেজ। সাপ্তাহিক বেতনও বেড়েছে কয়েকগুন। তার সাপ্তাহিক বেতন এখন আশি হাজার পাউন্ড। সপ্তাহে পঁচিশ হাজার পাউন্ডে ম্যান ইউতে এসেছিলেন হার্নান্দেজ। গত মৌসুমেই ম্যান ইউ তে যোগ দেয়া হার্নান্দেজ ২০টি গোল করে দলের লিগ শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি প্রথম একাদশে নিজের জায়গাও পাকা করে নেন। সামনের দিনগুলোতে ম্যান ইউ কোচ অ্যালেক্স ফার্গুসনের পরিকল্পনায় তিনি যে ভালো ভাবেই আছেন তা এই চুক্তির মাধ্যমেই বোঝা যায়। চুক্তির পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত হার্নান্দেজ। তিনি বলেন, "ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলা আমার জন্য স্বপ্ন পূরণের মতো। আমি কখনোই ভাবিনি আমার প্রথম মৌসুম এতো ভালো কাটবে। যাই হোক, এর ধারাবাহিকতা আমি পরের বছরগুলোতেও ধরে রাখতে চাই।" "লিগ শিরোপা জেতা আর চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার মতো ব্যাপারগুলো ছিল অসাধারণ। সতীর্থদের আরো সহায়তা করতে চাই যেন ম্যান ইউ আরো অনেক শিরোপা ঘরে তুলতে পারে," যোগ করেন তিনি। হর্নান্দেজকে দেখে এক সময়ের বিখ্যাত খেলোয়াড় 'ওলে গানার সোলসকায়ের'র কথা মনে পড়ে গেছে ম্যান ইউ কোচ ফার্গুসনের। তিনি বলেন, "আমার যতটুকু মনে পড়ে ওলে সোলসকায়েরই শেষ খেলোয়াড় যিনি হার্নান্দেজের মতো এতো দ্রুত এতো বড় প্রভাব বিস্তার করেছিলেন। হার্নান্দেজ আমাকে ওলের কথা মনে করিয়ে দিয়েছে।" "বক্সে জায়গা তৈরি ও অসাধারণ 'ফিনিশিং' তাকে গোল করার সহজাত ক্ষমতা এনে দিয়েছে, " মুগ্ধ ফার্গুসনের উক্তি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএম/এসএনএল/১৯১০ ঘ.