ঢাকা, অক্টোবর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রথম মহিলা ফুটবল লিগের ফাইনালে শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রতিপক্ষ হিসেবে পেয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডকে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালে মোহামেডান ৩-০ গোলে দিপালী যুব সংঘকে হারিয়ে ফাইনাল খেলা নিশ্চিত করে।
ফাইনাল খেলা শুক্রবার।
ম্যাচে মোহামেডান জয় পেলেও গোলের দেখা পেতে বেশ কিছু সময় অপেক্ষা করতে হয়েছে। ২৮ মিনিটে সুইনু প্র" মারমা সাদা-কালো শিবিরের পক্ষে গোলের সূচনা করেন। প্রথমার্ধের তিন মিনিট বাকি থাকতে ব্যবধান দ্বিগুন করেন তিথি। মাইনু প্র" মারমা ৫৫ মিনিটে বিজয়ী দলের পক্ষে তৃতীয় গোল করেন।
যদিও দলে এই জয়ে সন্তুষ্ট হননি মোহামেডান কোচ পনিরুজ্জামান। তিনি বলেন, "গ্র"প পর্বে মোহামেডান খেলোয়াড়রা যেমন খেলেছে এদিন তার নূন্যতম প্রতিফলন ঘটাতে পারেনি। কোন খেলোয়াড়ই নিজেদের যোগ্যতা অনুযায়ী খেলতে পারেনি।"
"এমন ফুটবল খেললে চ্যাম্পিয়ন হওয়াটা আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যাবে। কারণ শেখ জামাল প্রতিপক্ষ হিসেবে খুবই শক্তিশালী। তাদের প্রতিটি বিভাগেই আছেন বেশ কয়জন প্রতিভাবান ফুটবলার, " যোগ করেন মোহামেডান কোচ।
দিপালী যুব সংঘ কোচ আকবর আলী বলেন, "আমাদের মেয়েরা যথেষ্টই ভালো ফুটবল খেলেছে। প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গে তারা লড়াইও করেছে ভালো। অবশ্য শেষ পর্যন্ত পেরে ওঠেনি। কারণ প্রতিপক্ষ দলটি প্রতিটি ক্ষেত্রে আমাদের চেয়ে এগিয়ে।"
গ্র"প পর্বে মোহামেডান একটি মাত্র ম্যাচ খেলে সেমি ফাইনালে ওঠে। সে ম্যাচে তারা ১২-০ গোলের বড় ব্যবধানে জিতেছিল ফারাশগঞ্জের বিপক্ষে।
আর শেখ জামাল ধানমন্ডি ক্লাব প্রথম ম্যাচে ৪-০ গোলে হারায় দিপালী যুব সংঘকে। তারা পরের তিনটি ম্যাচে আরামবাগের বিপক্ষে ২৬-০, ওয়ারীর বিপক্ষে ১৩-০ ও সেমি ফাইনালে ফরাশগঞ্জকে ১৬-০ গোলে হারায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচ/এসএনএল/২০৩৮ ঘ.
bdnews24