ঢাকা, অক্টোবর ৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মালদ্বীপকে ৮-৩ গোলে হারিয়ে দক্ষিণ এশিয়ান বিচ গেমসের ফুটবলে শুভ সূচনা করেছে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে কমল ও এনামুল তিনটি করে গোল করেন। বাকি দুটো গোল রবিন ও মামুন মিয়ার।
১২ মিনিটের প্রথম সেশনের শুরুতেই রবিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। মালদ্বীপের পক্ষে আরশাদ ১০ মিনিটে গোলটি শোধ করে দেন। প্রথম সেশন শেষ হয় ১-১ গোলে।
দ্বিতীয় সেশনের শুরুতে কমলের গোলে আবারো এগিয়ে যায় বাংলাদেশ। দুই মিনিট পরেই আবদুল্লাহর গোলো আবারো সমতায় ফেরে মালদ্বীপ।
এরপর ইউসুফ ওমরের গোলে খেলায় প্রথমবারের মতো এগিয়ে যায় মালদ্বীপ। তবে এনামুল হক ও মামুন মিয়ার কল্যাণে দ্বিতীয় সেশন শেষে ৪-৩ গোলে এগিয়ে থেকে মাঠ ছাড়ে বিপ্লব ভট্টাচার্যের দল।
শেষ সেশনে বাংলাদেশের সামনে অসহায় হয়ে পড়ে মালদ্বীপ। কোনো গোল তো হজম করেই নি বাংলাদেশ, উল্টো মালদ্বীপের জালে বল জড়িয়েছে চারবার। এই সেশনে এনামুল ও কমল দুটি করে গোল করেন।
রোববার স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/এসএনএল/১৭৩৩ ঘ.
bdnews24