সিলেট, অক্টোবর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে সিলেটের সুরমা নদীতে শনিবার বিকালে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়েছে।
রঙ-বেরংয়ের বাহারি নৌকা, বাদ্যযন্ত্র, পোশাক, নাচ-গান আর মাঝি-মাল্লার হইহুল্লোরে সুরমা নদীর পাড় ছিলো উৎসবমুখর। বৃষ্টি উপক্ষো করে এই বর্ণিল উৎসব উপভোগ করে হাজারো মানুষ।
বিকাল ৩টায় নগরীর ক্বিন ব্রিজ সংলগ্ন চাঁদনী ঘাটে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিলেট সিটি করপোরেশনের মেয়র বদরউদ্দিন আহমদ কামরান।
বাংলার গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ রোইং ফেডারেশনের তত্ত্বাবধায়নে 'বাংলালিংক চতুর্থ সিলেট বিভাগীয় নৌকা বাইচ'র আয়োজন করা হয়। ২০০৮ সাল থেকে সুরমা নদীতে এ আয়োজন চলে আসছে।
উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেচ্ছ হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশফাক আহমদ, বাংলালিংক এর আঞ্চলিক প্রধান এস কে নুরুল আলম, রোইং ফেডারেশনের সহ-সভাপতি খুরশেদ আলম ও সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল মনজু।
আয়োজকরা জানান, এবারের প্রতিযোগিতায় মোট ২৪টি নৌকা অংশ নেয়। উত্তেজনাকর এই প্রতিযোগিতায় প্রথম হয়েছে সুনামগঞ্জের জগন্নাথপুরের ইকরছইড় গ্রামের হাজী তরফ আলীর দল।
সন্ধ্যায় সিটি মেয়র বিজয়ী দলসহ অংশগ্রহণকারীদের পুরস্কার দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৪৮ ঘ.
bdnews24