ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - দিল্লি কমনওয়েলথ গেমস নিয়ে দেশের মুখরক্ষার জন্য শেষ পর্যন্ত মাঠে নামতে হলো ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংকে।
গেমস শুরু হতে আর মাত্র ৮ দিন বাকি। অথচ অনেক দেশই তাদের খেলোয়াড়দের পাঠাবে কিনা, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছুই বলছে না। তার উপর ক্রীড়া পল্লীর নিরাপত্তা ও পরিস্কার-পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন তুলে আসর থেকে নাম প্রত্যাহার করার হুমকি দিয়েছে বিভিন্ন দেশ।
এমন পরিস্থিতিতে দেশের সম্মান বাঁচাতে এগিয়ে এসেছেন প্রধানমন্ত্রী স্বয়ং। নিজ বাসভবনে সংশ্লিষ্টদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করে শনিবারের মধ্যে সব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও সভায় ডাকা হয়নি আয়োজক কমিটির প্রধান সুরেশ কলমদিকে।
এরই মধ্যে বেশ কিছু তারকা খেলোয়াড় নিরাপত্তার প্রশ্ন তুলে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছেন। এই দলে সর্বশেষ যোগ দিয়েছেন কানাডার দুই তীরন্দাজ কেভিন টাটারি ও দাইটমার ট্রিলাস। তাদের বক্তব্য, পদক জেতার চেয়ে জীবনের মূল্য অনেক বেশি।
তারপরও ইংল্যান্ড গেমসে তাদের অংশ গ্রহণ নিশ্চিত করেছে। শুক্রবার প্রথম বিদেশি দল হিসেবে তাদের হকি ও লন বোলস দল দিল্লি পৌঁছেছে।
স্কটল্যান্ড দলের প্রতিনিধি জন ডেগ বলেছেন, "পরিস্থিতি ভালোর দিকে এগিয়ে যাচ্ছে।" গেমস নিয়ে ভারতের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খুশি হয়েছে কানাডাও।
এদিকে আয়োজকদের ওপর ভরসা না রেখে নিজেরাই ক্রীড়া পল্লী পরিস্কার করতে নেমেছে কানাডা ও নিউজিল্যান্ড।
তবে নিউজিল্যান্ড দলের শেফ দ্য মিশন জানিয়েছেন, "ক্রীড়া পল্লী ও স্টেডিয়ামের অনেক কাজ এখনো বাকি। সেই কাজ শেষ না হওয়া পর্যন্ত দিল্লিতে খেলোয়াড়দের পাঠানো হবে না।"
অস্ট্রেলিয়ার অলিম্পিক কমিটির প্রধান জন কোটস বলেছেন, "কমনওয়েলথ গেমসের অয়োজক দেশ হিসেবে ভারতকে বেছে নেয়াই ঠিক হয়নি।"
দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড বলেছেন, "আমরা আমাদের খেলোয়াড়দের সতর্ক থাকতে বলেছি। দিল্লিতে সন্ত্রাসী হামলার যথেষ্ঠ আশঙ্কা রয়েছে। তাই নিরাপত্তা পরিস্থিতির দিকে আমরা কড়া নজর রাখছি।"
কমনওয়েলথ গেমস শুরু হবে ৩ অক্টোবর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএনএল/টিআর/২০৩৪ ঘ.
bdnews24