ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটিসেল ঢাকা মহানগরী মেয়েদের স্কুল ফুটবল চ্যাম্পিয়নশিপে রোববার জয় পেয়েছে ভিকারুন্নেসা স্কুল অ্যান্ড কলেজ ও স্যার জন উইলসন স্কুল। আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ ও বিআইটির মধ্যকার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
আজিমপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে ভিকারুন্নেসা ৩-০ গোলে হারিয়েছে জমিলা খাতুন লালবাগ গার্লস হাইস্কুলকে। ম্যাচের প্রথমার্ধেই সবগুলো গোল হয়। খেলার ৬ মিনিটেই মরিয়মের গোলে এগিয়ে যায় ভিকারুন্নেসা। পরের গোল দুটি করেন হাবিবা ও নিনি।
অন্যদিকে সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে সামার ফিল্ড স্কুলের বিপক্ষে না খেলেই জয় পায় স্যার জন উইলসন স্কুল। সামারফিল্ড স্কুলের চার খেলোয়াড় মাঠে উপস্থিত না থাকায় বাইলজ অনুযায়ী উইলসন স্কুলকে ২-০ গোলে জয়ী ঘোষণা করে টুর্নামেন্ট কমিটি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/সিজি/২০১০ ঘ.
bdnews24