ঢাকা, মার্চ ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে সোমবার ৯-০ গোলে অ্যাজাক্সকে উড়িয়ে দিয়েছে মোহামেডান। রাসেল মাহমুদ জিমির হ্যাট্রিক এবং মামুনুর রহমান চয়ন ও জাহিদুল ইসলাম রাজন গোল করেন দু'টি করেন।
মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি কর্নার থেকে চয়নের গোলে এগিয়ে যায় মোহামেডান। পরের মিনিটেই আবারো পেনাল্টি কর্নার থেকে গোল করে মোহামেডান। তবে এবার গোল করেন রাজন। ১৪ মিনিটে জিমির ফিল্ড গোলে ৩-০ গোলে এগিয়ে যায় ইসা মিয়ার দল।
এগারো মিনিট বিরতি দিয়ে আবারো গোল করে সাদা-কালোরা। ২৫ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জিমি নিজের দ্বিতীয় ও দলের পক্ষে চতুর্থ গোল করেন। পরের চার মিনিটে আরো দুটি গোল দেয় মোহামেডান। ২৭ মিনিটে ফিল্ড শটে দলকে পঞ্চম গোল এনে দেন প্রিন্স। এক মিনিট পরেই রানার ফিল্ড গোলে প্রথমার্ধেই ৬-০ গোলে পিছিয়ে পড়ে অ্যাজাক্স।
৪৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাজন নিজের দ্বিতীয় ও দলের পক্ষে সপ্তম গোল করেন। একটু পরেই (৫০ মিনিটে) পেনাল্টি কর্নার থেকে জিমি হ্যাট্রিক করেন। মোহামেডানের নবম ও শেষ গোলটিও আসে পেনাল্টি কর্নারের মাধ্যমে, চয়নের স্টিক থেকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচএস/টিআর/২০০১ ঘ.
bdnews24