ঢাকা, জুলাই ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদ্রোহী আট ফুটবলারের আর্থিক জরিমানা করেছে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি।
রোববার ব্যবস্থাপনা কমিটির সভায় তাদের এক মাসের বেতনের পুরোটাই কেটে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।
মাসে ১৫ হাজার টাকা বেতন পান প্রত্যেক ফুটবলার।
বৈঠকে বিদ্রোহী ফুটবলারদের শৃঙ্খলা মেনে চলারও নির্দেশ দেওয়া হয়। বাদ যাননি কোচও। তাকেও সতর্ক করে দিয়েছেন কর্মকর্তারা।
জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি বাদল রায় বলেন, "কোচ তার এখতিয়ারের বাইরে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। ফুটবলাররা অপরাধ করলে তার শাস্তি দেবে ফেডারেশন।"
ফুটবলাররাও জরিমানার শাস্তি মেনে নিয়েছেন। শৃঙ্খলা মেনে চলারও প্রতিশ্র"তি দিয়েছেন কর্মকর্তাদের।
দু'দিন বন্ধ থেকে মঙ্গলবার অনুশীলন হওয়ার কথা থাকলেও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তারা ফুটবলারদের বিকেএসপির আবাসিক ক্যাম্পে যোগ দেওয়ার ব্যাপারে কিছুই জানাননি।
ডিফেন্ডার রজনীকান্ত বর্মণ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন," জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি যে শাস্তি দিয়েছে দেশের স্বার্থে আমরা তা মাথা পেতে নিয়েছি।"
বৃহস্পতিবার অনুশীলনের সময় নির্দেশ না মানায় ব্রাজিলীয় কোচ ডিডো ডিফেন্ডার রজনীকান্ত বর্মণকে মাঠ থেকে চলে যেতে বলেন। ওই সময় রজনীর সঙ্গে মাঠ ছেড়ে যান ওয়ালী ফয়সাল, আরিফ হোসেন, জাহেদ পারভেজ, সৈকত, আরমান আজিজ, জাহিদ হোসেন ও জাহিদ হোসেন এমেলী।
এমন কি, পরেরদিন শুক্রবার সকালের অনুশীলনেও অনুপস্থিত ছিলেন এই আট ফুটবলার। এতে রাগে ফেটে পড়েন ব্রাজিলীয় কোচ অ্যাডসন সিলভা ডিডো।
শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, অনুশীলন বর্জন করায় এই আট ফুটবলারকে তিনি জাতীয় দলের জন্য বিবেচনা করবেন না।
বিষয়টির একটি গ্রহণযোগ্য সমাধানের জন্য ওইদিন (শনিবার) জরুরি সভায় বসেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি কর্মকর্তারা। কোচ ও ফুটবলারদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন।
এ সময় নিজেদের ভুল বুঝতে পেরে কোচের কাছে ক্ষমা চান বিদ্রোহী আট ফুটবলারসহ দলের সিনিয়র খেলোয়াড়রা। এতেও মন গলেনি ডিডোর। বরং দু'দিন ক্যাম্প বন্ধ রাখার ঘোষণা দেন কোচ।
কোচ ও ফুটবলারদের মধ্যে সম্পর্কের উন্নতি না দেখে শেষ পর্যন্ত বাধ্য হয়েই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি জরিমানার সিদ্ধান্ত নেয়।
ব্যবস্থাপনা কমিটির এই সিদ্ধান্তে কোচের প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ফুটবলাররা বলেছেন, তারা বাফুফের নির্দেশ পেলেই বিকেএসপির আবাসিক ক্যাম্পে যোগ দেবেন।
রজনী বলেন, "আমরা ক্যাম্পে যাব। কোচ আমাদের সঙ্গে কি ধরনের সম্পর্ক বজায় রাখবেন সেটা তার বিষয়।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএ/টিআর/২৩৫৪ ঘ.
bdnews24