ঢাকা, অক্টোবর ১৪(বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগ টোয়েন্টি-টোয়েন্টির দ্বিতীয় ম্যাচে সাসেক্স ও ঈগলসের মধ্যকার নির্ধারিত ২০ ওভারের খেলা টাই হয়ে যায়। কিন্তু এক ওভারের এলিমিনেটরের নিয়মে ৯ রানে ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায় ঈগলস।
এলিমিনেটর ওভারের নিয়মানুযায়ী ওই এক ওভার খেলতে দল দুটির তিনজন করে ব্যাটসম্যান ব্যাট করতে পারবেন। প্রথমে ঈগলস ব্যাট করতে নেমে এক ওভারে মাত্র ৯ রান তোলে।
কিন্তু জবাব দিতে নেমে এক রানও যোগ করতে পারেনি সাসেক্সের ব্যাটসম্যানরা। কারণ ঈগলস বোলার কর্নেলিউস ডি ভিলিয়ার্স তার প্রথম দু বলেই সাসেক্সের দুই ব্যাটসম্যানকে সাজঘরে ফেরৎ পাঠালে ৯ রানের অতি নাটকীয় জয় পায় তারা।
এর আগে টসে জিতে ইংলিশ ক্লাব সাসেক্স ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে। জো গ্যাটিং ২৫ এবং এড জয়েস ২১ রান করেন।
ঈগলসের পক্ষে প্রিজ ২৩ রানে ২ উইকেট এবং কর্নেলিউস ডি ভিলিয়ার্স ২০ রানে ২ উইকেট নেন।
জবাব দিতে নেমে ঈগলস নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১১৯ রান তুললে ম্যাচ টাই হয়ে যায়। শেষ ওভারে জয়ের জন্য ঈগলসের প্রয়োজন ছিল ১২ রানের আর শেষ বলে প্রয়োজন দাঁড়ায় ৫ রানের।
কিন্তু স্ট্রাইকে থাকা ব্যাটসম্যান রায়ান ম্যাক্লারেন চার হাঁকিয়ে ম্যাচ টাই করায় প্রথম বারের মতো কোনও টোয়েন্টি-টোয়েন্টি ম্যাচে এলিমিনেটর ওভারের প্রয়োজন হয়।
ঈগলসের হয়ে ৬৫ রানের দারুণ এক ইনিংস খেলার সুবাদে রিলি রুশোই ম্যান অব দ্য ম্যাচ হন।
সংক্ষিপ্ত স্কোর:
সাসেক্স: ১১৯/৭(গ্যাটিং ২৫, জয়েস ২১; ভিলিয়ার্স ২০/২, প্রিজ ২৩/২)
ঈগলস: ১১৯/৪(রুশো ৬৫; চাওলা ১৭/২, হ্যামিলটন ১৫/২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমএইচ/১৫৩৩ ঘ.
bdnews24