রিও ডি জেনিরো, ২৭ জানুয়ারি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- বাজে ফর্মের জন্য গত বছর দল থেকে বাদ পড়েছিলেন তিনি, তিন ম্যাচ সুযোগ পাননি জাতীয় দলে। তবে আগামী মাসে লন্ডনে বিশ্ব চ্যাম্পিয়ন ইতালির বিপক্ষে এক প্রীতি ম্যাচে রোনালদিনিয়োকে দলে নিয়েছেন ব্রাজিল কোচ ডুঙ্গা।
সাবেক ফিফা বর্ষসেরা ফুটবলার রোনালদিনিয়োসহ ২২ সদস্যের ব্রাজিল দলে রাখা হয়েছে আদ্রিয়ানোকেও। গত রোববার ইতালিয়ান সিরি 'আ'র একটি ম্যাচে প্রতিপক্ষের একজনকে ঘুষি মারার অপরাধে ইতালির ঘরোয়া ফুটবলে তিন ম্যাচের জন্য সাসপেন্ড হলেও ইন্টার মিলানের ফরোয়ার্ডকে দলে রাখতে দ্বিধা করেননি ডুঙ্গা।
আগামী ১০ ফেব্র"য়ারি আর্সেনালের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠেয় ম্যাচটি হবে প্রায় এক যুগ পর ব্রাজিল-ইতালির প্রথম লড়াই। ১৯৯৭ সালে ফ্রান্সে দু দলের সর্বশেষ ম্যাচ অমীমাংসিত ছিল ৩-৩ গোলে।
ব্রাজিল দল :
গোলকিপার : দোনি, জুলিও সিজার।
ডিফেন্ডার : ড্যানিয়েল আলভেস, আদ্রিয়ানো কোরেইয়া, মাইকন, মার্সেলো, লুসিও, লুইজাও, হুয়ান, থিয়াগো সিলভা।
মিডফিল্ডার : অ্যান্ডারসন, জিলবার্তো সিলভা, ফেলিপো মেলো, জোসুয়ে, এলানো, জুলিও ব্যাপ্টিস্টা, কাকা, রোনালদিনিয়ো।
ফরোয়ার্ড : আলেকজান্দ্রে পাতো, আদ্রিয়ানো, লুই ফ্যাবিয়ানো, রবিনিয়ো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএআর/১৫৪০ঘ.
bdnews24