ঢাকা, এপ্রিল ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- আবারো গোঁজামিল দিয়ে বিওএ-এর কার্যনির্বাহী কমিটির তিনটি পদ পূরণের চেষ্টা শুরু হয়েছে। গত ৩ এপ্রিল বিওএ নির্বাচনে ৩৩ জনের কমিটি চূড়ান্ত হয়ে গেলেও তিনটি পদে নির্বাচনে কেউ অংশ নেয়নি। এই পদ তিনটি হচ্ছে একজন অলিম্পিয়ান, অলিম্পিক ডিসিপ্লিনের চতুর্দশ সদস্য ও আঞ্চলিক মহিলা ক্রীড়া সংস্থার একজন প্রতিনিধি।
তিনটি পদে নির্বাচন হবে আগামী ১৪ মে। রোববার ছিল মনোনয়পত্র ক্রয়ের দিন। যদিও এ নির্বাচন নিয়ে অনেক বিওএ সদস্য অন্ধকারে আছেন বলে অভিযোগ। নামপ্রকাশে অনিচ্ছুক এক সদস্য বলেছেন, "গত ২৭ এপ্রিল প্রথম সভায় এই নির্বাচন নিয়ে কোনো কথাও হয়নি। নির্বাচনের প্রক্রিয়া সম্পর্কে আমাদেরকে জানানো হয়নি।" বিওএ-এর প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালীউল্লাহ অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছেন, "প্রত্যেক ফেডারেশনে নির্বাচনের চিঠি পাঠানো হয়েছে। ফেডারেশনে যোগাযোগ করলেই তারা জানতে পারতেন।"
কিন্তু তাতে করে গোঁজামিলের কোনো সুরাহা হচ্ছে না। কারণ তিনটি পদের মধ্যে আঞ্চলিক মহিলা ক্রীড়া সংস্থার কোনো কাউন্সিলর নেই। অথচ বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী আঞ্চলিক মহিলা ক্রীড়া সংস্থার প্রতিনিধির জন্য একটি সদস্য পদ আছে নির্বাহী কমিটিতে। কাউন্সিলর না থাকার কারণে এই পদ খালি থাকাই বাঞ্চনীয়। কিন্তু বিওএ প্রধান নির্বাহী বলেছেন, "বিওএ সভাপতি কিংবা মন্ত্রণালয়ের কোটায় যারা কাউন্সিলর হয়েছেন তাদের মধ্যে কেউ ঢাকার বাইরে মহিলা ক্রীড়া সংস্থা থেকে অনুমোদন নিয়ে এলে হয়ে যাবে।" কিন্তু তার এই তত্ত্বকে অনেকে "বেআইনী" বলে মনে করলেও মন্ত্রণালয়ের কোটায় আসা রাফিয়া আক্তার ডলিকেই ওভাবে সদস্য পদে ঢোকানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে গুঞ্জন আছে। এবং রোববার তিনি মনোনয়নপত্রও কিনেছেন।
এছাড়া কাজী সাবেক শুটার শাহান পারভীনও মনোনয়পত্র কিনেছেন এবং অলিম্পিয়ান হিসেবে তার সদস্য পদও অনেকটা নিশ্চিত। অলিম্পিক ডিসিপ্লিনভুক্ত চতুদর্শ সদস্যের জন্য মনোনয়পত্র কিনেছেন সাইক্লিং ফেডারেশনের প্রতিনিধি জোবেরা রহমান লিনু, ব্যাডিমিন্টনের জোবায়েদুর রহমান রানা, হকির সাজেদ আদেল ও আহমেদুর রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৪৫ঘ.
bdnews24