ঢাকা, মার্চ ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--- বহু বিতর্ক ও দীর্ঘ প্রক্রিয়ার পর আগামী ২৮ এপ্রিল বাফুফে নির্বাচনের তারিখ ঠিক হয়েছে। তার এক মাস আগে অর্থাৎ ২৭ মার্চ হবে বাফুফের বিশেষ সাধারণ সভা।
গত সোমবার বাফুফে সভায় হয়েছে সিদ্ধান্তগুলো। তা জানাতে মঙ্গলবার এক ব্যতিক্রমী সংবাদ সম্মেলন আয়োজন করে বাফুফে। ব্যতিক্রম, কারণ সাবেক বাফুফে সহ-সম্পাদক বাদল রায় এবং বিওএ'র প্রধান নির্বাহী কর্ণেল (অব.) ওয়ালী উল্লাহ এসেছিলেন সংবাদ সম্মেলনে। আর যাদের আসার কথা বাফুফে সভাপতি এস এ সুলতান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন হোসেন মালু-তো ছিলেনই। আসলে মালু ছাড়া বাকি তিনজন তো বাফুফে গঠনতন্ত্র নিয়ে এএফসিতে গিয়ে বেশ দৌড়-ঝাঁপ করেছেন, সেজন্যই তাদের বাফুফে সংবাদ সম্মেলনে হাজির হওয়া।
যদিও বাদল রায়রা যা চেয়েছিলেন তা হয়নি। সরকার বর্জিত ডিএফএ (জেলা ফুটবল অ্যাসোসিয়েশন)-ই বজায় থাকল। নতুন এই গঠনতন্ত্রকে শিরোধার্য করে বাফুফে সভায় নেওয়া সিদ্ধান্তগুলোর কথা জানিয়েছেন বাফুফে সভাপতি এস এ সুলতান, "আগামী ২৭ মার্চ এখনকার কাউন্সিলরদের (ডিএসএ) নিয়ে একটা বিশেষ সাধারণ সভা হবে। তারপর ডিএফএ কাউন্সিলরদের অংশগ্রহণে আগামী ২৮ এপ্রিল হবে বাফুফে নির্বাচন।"
কিন্তু সমস্যা হচ্ছে সব জেলায় ডিএফএ গঠিত হয়নি। ৬৪ জেলার মধ্যে ডিএফএ গঠিত হয়েছে ৫১ টি। আর ৬ টি বিভাগের মধ্যে ডিভিএফএ (বিভাগীয় ফুটবল অ্যাসোসিয়েশন) হয়েছে তিনটি। মানে এখনো ১৩ টি ডিএফএ ও ৩ টি ডিভিএফএ গঠন বাকি। বাফুফে সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাদের বাদ দিয়েই নির্বাচন করা হবে, কারণ নির্ধারিত সময়ের মধ্যে কমিটি গঠনে ব্যর্থ হয়েছে তারা। তবে বাদল রায় ও কর্ণেল ওয়ালীর অনুরোধে তাদের আরেকটা সুযোগ দেওয়ার বিষয়টা বিবেচনা করবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১০৫ঘ.
bdnews24