বার্লিন, ৩০ সেপ্টেম্বর (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ম্যারাথনে বিশ্ব রেকর্ড গড়ে হেইলে জেব্রেসেলাসি একই সঙ্গে আনন্দিত এবং কিছুটা দুঃখিতও। রেকর্ডটা যে চার বছর ধরে তারই বন্ধু পল টেরগাটের দখলে ছিল! রোববার বার্লিনে রেকর্ড গড়ার পর কেনিয়ার টেরগাটের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন দূরপাল্লার দৌড়ে সর্বকালের অন্যতম সেরা ইথিওপিয়ার জেব্রাসেলাসি।
২০০৩ সালে বার্লিনেই ২ ঘন্টা ৪ মিনিট ৫৫ সেকেন্ড সময় নিয়ে ম্যারাথনের আগের রেকর্ডটা গড়েছিলেন টেরগাট। '৯৬ ও ২০০০ অলিম্পিকে ১০ হাজার মিটারে সোনাজয়ী জেব্রেসেলাসি তার থেকে ২৯ সেকেন্ড কম সময় নিয়ে ফিনিশিং টেপ স্পর্শ করেছেন। ম্যারাথন জয়ের জন্য ৫০ হাজার ইওরোর পাশাপাশি বিশ্ব রেকর্ডের জন্য পেয়েছেন আরো ৫০ হাজার। অ্যাপিয়ারেন্স বা অংশগ্রহণের ফি হিসাবে আড়াই লাখ ইওরো তো আছেই।
রেকর্ড গড়ার পর প্রথমে তো কথাই বলতে পারছিলেন না উচ্ছ্বসিত জেব্রেসেলাসি। কিছুক্ষণ পর অতি কষ্টে জানালেন তার আনন্দানুভূতি, "এটা সত্যিই দুর্দান্ত, বিশেষ একটা ঘটনা। জার্মানির মানুষকে ধন্যবাদ জানাচ্ছি আমি।" কিন্তু পরে সংবাদ সম্মেলনে বন্ধুর প্রতি সমবেদনা জানিয়ে ক্ষমা পর্যন্ত চেয়েছেন, "আমি দুঃখিত। রেকর্ডটা পল টেরগাটের ছিল। আর সে আমার বন্ধু। আশা করি পল ব্যাপারটা বুঝবে। আমি ফোনে ওকে বলেছি, 'হাই পল, আমি দুঃখিত। আগামী বছর তুমি এখানে এসে এটা আবার ফিরে পাওয়ার চেষ্টা করতে পারো।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএআর/এমএম/২১০০ঘ.
bdnews24