সিনসিনাটি/ টরন্টো, ২০ আগস্ট (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- গত তিন বছর ছিল ভিন্ন চিত্র। উত্তর আমেরিকার হার্ডকোর্ট টুর্নামেন্টে ছেলেদের টেনিসের এই শীর্ষ বাছাই হয় শুরুতেই হেরে বাদ পড়েছেন, নয়তো খেলতেই পারেননি। কিন্তু এবার আর সেই ভুল নয়, শিরোপা জিতেছেন তিনি হেসে-খেলে এবং তারপর জানাচ্ছেন বছরের শেষ গ্র্যান্ড স্লাম ইউএস ওপেনের প্রস্তুতিটা তার দারুণ হলো। দারুণ প্রস্তুতি হয়েছে মেয়েদের নাম্বার ওয়ান জাস্টিন হেনিনেরও। রোববার টরন্টো কাপের শিরোপা জিতেছেন বেলজিয়ান এই শীর্ষ বাছাই। তবে তারপরও উদ্বেগ ছায়া ফেলেছে, কাঁধের ইনজুরিটা দারুণ এক হুমকি হেনিনের ইউএস ওপেন অভিযাত্রায়।
রোববার যুক্তরাষ্ট্রের জেমস ব্লেককে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন ফেদেরার। এটি ছিল তার ক্যারিয়ারের ১৪তম মাস্টার্স সিরিজ এবং ৫০তম একক শিরোপা। নিজের পারফরম্যান্সে দারুণ সন্তুষ্ট এই সুইস। বলেছেন, "গত একটা সপ্তাহ আমি খুবই ভালো খেলেছি। ইউএস ওপেনে ভালো কিছু করার ব্যাপারে এখন আমি ভীষণ আত্মবিশ্বাসী।"
কাঁধের ইনজুরির কারণে হেনিনের ফাইনাল খেলাটা অনিশ্চিত ছিল। আয়োজকদের বলেই দিয়েছিলেন তার খেলার শতকরা পঞ্চাশ ভাগ। শেষপর্যন্ত অবশ্য খেলেছেন এবং ৭-৬, ৭-৫ গেমে হারিয়েছেন ইয়েলেনা ইয়াঙ্কোভিচকে। ইনজুরির সমস্যাকে আপাতত পাত্তা দিচ্ছেন না হেনিন, "আমি এখানকার ফাইনালে খেলতে পারব কীনা সেটা অনিশ্চিত ছিল, কিন্তু ইউএস ওপেনে আশা করি কোনো ঝামেলা হবে না। আপাতত দু'দিন টেনিস নিয়ে কিছু ভাবব না, মঙ্গলবার থেকে পুরোদমে অনুশীলন শুরু করব।"
আগামী ২৭ আগস্ট থেকে নিউইয়র্কের ফ্লাশিং মিডোতে শুরু হবে ইউএস ওপেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ওআরপি/এমএম/১৮৩৫ঘ.
bdnews24