ঢাকা, আগস্ট ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ২৪ বছর আগের যাওয়া আর এখনকার যাওয়ার মধ্যে গুনগত কোনো পার্থক্য নেই। ১৯৮৩ সালে সর্বশেষ মারদেকা কাপ যাত্রায় স্বপ্নহীন ছিল বাংলাদেশ। এবারও তাই। তবে হার-জিতের হিসেব বাদ দিয়ে বাংলাদেশ দলের কোচ বিষয়টাকে দেখছেন একটু অন্যভাবে,"একটু পরিবর্তন তো হয়েছেই, ওসব শক্তিশালী দলগুলোর সঙ্গে বাংলাদেশ এখন লড়াই করতে শিখে গেছে। আগের মতো ৮/৯ গোল খায় না।" তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে, লড়াকু মানসিকতার পুঁজি নিয়েই বাংলাদেশ দল আগামী শনিবার মালয়েশিয়া রওনা হবে মারদেকা কাপ খেলতে।
এবার 'এ' গ্র"পে বাংলাদেশের সঙ্গে আছে ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ও জিম্বাবুয়ে। র্যাঙ্কিংয়ের দিক থেকে সবগুলো দলই বাংলাদেশের চেয়ে অনেকখানি এগিয়ে। তাই বড় কোনো আশাবাদ শোনানোর সুযোগ নেই, নিরাপদ দূরত্ব থেকে যা বলা যায় হাসানুজ্জামান বাবলুও তাই বলেছেন, "জিম্বাবুয়ে ছাড়া বাকি দলগুলোর সঙ্গে বাংলাদেশ লড়াই করবে, এটা অমার বিশ্বাস।" জিম্বাবুয়ের সঙ্গে লড়াই করার সাহস দেখানোর কোনো সুযোগ নেই। কারণ ফিফা র্যাঙ্কিঙে ১৭২ নম্বরের বাংলাদেশের সঙ্গে ৯৬-তে থাকা আফ্রিকার এই দলের সঙ্গে লড়াইটা আসলে কতখানি অসম হবে সহজেই অনুমেয়। বাকি দল ইন্দোনেশিয়া (১৩২) ও সিঙ্গাপুরের (১৩৬) সঙ্গেও কতোটা কী করতে পারবে বলা মুশকিল। কিন্তু সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ আশার বানী শোনাচ্ছেন, "ওদের সঙ্গে লড়াই করার মতো পর্যায়ে আমরা পৌঁছে গেছি। গত ৬ মাসে আমার বাংলাদেশ দলের সঙ্গে কোচিংয়ের অভিজ্ঞতায় দেখেছি কাতার, কোরিয়ার সঙ্গে গোল খেয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে এখনকার বাংলাদেশ দল।"
আবার তার মুখ দিয়েই বেরিয়েছে মারদেকা কাপগামী দলের ডিফেন্স ও ফরোয়ার্ড-লাইনে দূর্বলতার কথা। দলের ডিফেন্স নিয়ে কোচ একটু ভয়েই আছেন "ডিফেন্সেও একটু সমস্যা আছে। আসলে দেশে এখন একই পজিশনে সমমানের ২/৩ জন ফুটবলার নেই যে আপনার বেছে নেওয়ার সুযোগ আছে।" এখানেই তো ধাক্কা খায় তার লড়াই করে প্রতিপক্ষকে ঠেকিয়ে রাখার পরিকল্পনাটা। একই দুশ্চিন্তা ফরোয়ার্ড-লাইন নিয়েও, "এই দলের স্ট্রাইকিং পজিশনে একটু দূর্বলতা আছে । আমাদের ক্লাবগুলো বিদেশী স্ট্রাইকার খেলায়, তাই দেশে ভাল স্ট্রাইকার গড়ে ওঠছে না।" স্ট্রাইকারদের মধ্যে অভিজ্ঞ কেবল সহ অধিনায়ক সাইফুর রহমান মনি, বাকি দুজন মোহাম্মদ রনি ও জিএম মামুনের তো জাতীয় দলে অভিষেকের প্রত্যাশা নিয়েই যাচ্ছেন মালয়েশিয়া।
সংবাদ সম্মেলনে নেহেরু কাপে বাংলাদেশ দলের সঙ্গে মারদেকা কাপের দলের তুলনা এসে যায়। সাংবাদিকরা এটিকে দূর্বল হিসেবে চিহ্নিত করলেও তার সঙ্গে পুরোপুরি দ্বিমত পোষন না করেই দলের অধিনায়ক হাসান আল মামুন বলেছেন, "দুই দলের মধ্যে পার্থক্য হচ্ছে নেহেরু কাপের দলে অনেক বেশি অভিজ্ঞ খেলোয়াড়। আমাদের দলে অভিজ্ঞ খেলোয়াড় সংখ্যা কম।" তাতে একমত সহ অধিনায়ক সাইফুর রহমান মনিও। এ দুজন বাদ দিলে ১৮ জনের এই দলে অভিজ্ঞ খেলোয়াড় পারভেজ বাবু ও মাহমুদুল হাসান। কিন্তু তাদের প্রেরণার জায়গা হচ্ছে বিকেএসপির ম্যাচ-প্র্যাকটিস, অধিনায়ক যেভাবে বলেছেন,"বল প্র্যাকটিসের সময় আমাদের মধ্যে ম্যাচ হতো। প্রথম দুদিন নেহেরু কাপের দল গোল সংখ্যায় এগিয়ে থাকলেও পরে আমরা প্রত্যেকদিন এগিয়ে থাকতাম। সুতরাং ওই দলের চেয়ে আমাদের দল খারাপ এটা মনে হয় ঠিক নয়।"
তা মুখে বললে তো আর কেউ মেনে নেবে না। মাঠে নেমে প্রমাণ করতে হবে। এই তাগিদ থেকেই হয়তো অধিনায়ক হাসান আল মামুনের প্রতিশ্র"তি, "আমরা দায়িত্ব নিয়েই যাচ্ছি। নির্দিষ্ট কোনো টার্গেট না থাকলেও আমাদের প্রেরণা হচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ, মারদেকার খেলা দেখেই গড়া হবে সাফের দল। তাই আমারা সবাই নিজেদের উজাড় করে দিয়ে চেষ্টা করবো।"
মারদেকা কাপের দল : গোলরক্ষক -শাকিল (শেখ রাসেল), মাজহারুল ইসলাম হিমেল (ঢাকা মোহামেডান), রক্ষণভাগ- হাসান আল মামুন (মুক্তিযোদ্ধা), মোস্তফা আনোয়ার পারভেজ (মুক্তিযোদ্ধা), অমিত খান শুভ্র (ব্রাদার্স), আরাফাত আলী রনি (রহমতগঞ্জ), মাহমুদুল হাসান (শেখ রাসেল), আকরাম হোসেন (আরামবাগ), জাহিরুল ইসলাম জহির (শেখ রাসেল) মধ্যমাঠ - মতিউর মুন্না (মুক্তিযোদ্ধা), জমরাতুল ইসলাম মিঠু (ঢাকা মোহামেডান), অরূপ বৈদ্য (ফরাশগঞ্জ), মামুনুল ইসলাম মামুন (ব্রাদার্স), এনামূল হক শরীফ (ঢাকা মোহামেডান) রনি ইসলাম (ফরাশগঞ্জ) আক্রমণভাগ - সাইফুর রহমান মনি (মুক্তিযোদ্ধা), মোহাম্মদ রনি (ঢাকা মোহামেডান) জি এম মামুন (খুলনা আবাহনী) আসাদুজ্জামান খসরু (দলনেতা), আমিরুল ইসলাম বাবু (ম্যানেজার), হাসানুজ্জামান খান বাবলু (কোচ), উজ্জ্বল চক্রবর্তী (সহকারী কোচ) মনিরুল আমিন শাম্মি (ডাক্তার)
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১২০ঘ.
bdnews24