পুয়ের্তো লা ক্রুজ, ভেনেজুয়েলা, ২৯ জুন (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- এমনিতেই তারা এবারের কোপা আমেরিকার ফেভারিট। তাছাড়া গ্যালারিতে জাতীয় দলের জার্সি গায়ে ডিয়েগো ম্যারাডোনার উপস্থিতিও তাদের জন্য বাড়তি অনুপ্রেরণা। কিন্তু সেই দলটাই ৮ মিনিটের মধ্যে গোল খেয়ে বসল! বিস্ময়ের সঙ্গে সঙ্গে অঘটনের শিকার হওয়ার আশঙ্কাও উঁকি দিয়েছিল কি না কে জানে! আগের দিন মেক্সিকোর কাছে ব্রাজিলের পরাজয় তো এখনো সবার মনে জ্বলজ্বলে। তবে কোপার ১৪ বারের চ্যাম্পিনরা এর পর দাঁড়াতেই দেয়নি যুক্তরাষ্ট্রকে। আক্রমণে ঝড় তুলে, ৪-১ গোলের বড় জয় দিয়ে শুক্রবার তারা শুরু করেছে শিরোপার মিশন। আর্জেন্টাইনদের চার গোলের দুটি হার্নান ক্রেসপোর, বাকি দুটোর গোলদাতা পাবলো আইমার ও কার্লোস তেভেজ।
দ্বিতীয় ম্যাচের মতো প্রথমটাতেও গোলোৎসব দেখেছে বিশ্বের সবচেয়ে পুরনো ফুটবল টুর্নামেন্ট। বায়ার্ন মিউনিখের স্ট্রাইকার রকে সান্তা ক্রুজের হ্যাটট্রিকে সেই ম্যাচে প্যারাগুয়ে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে কলম্বিয়াকে। ৮৫ মিনিটে মাঠে নেমে অন্য গোল দুটো করেছেন সালভাদর ক্যাবানাস।
গত রোববার মেক্সিকোকে কনক্যাকাফ গোল্ড কাপের ফাইনালে হারালেও যুক্তরাষ্ট্রের কোপা আমেরিকার দলটাতে তিন জন গুরুত্বপূর্ণ ফুটবলার নেই। কিন্তু ল্যান্ডন ডনোভান, ডামার্কাস বিসলি ও ক্লিন্ট ডেম্পসির অনুপস্থিতি সত্বেও সবাইকে অবাক করে দিয়ে এগিয়ে যায় মার্কিনিরাই। সপ্তম মিনিটে গ্যাব্রিয়েল মিলিতো বক্সের মধ্যে এডি জনসনকে ফাউল করলে বেজে ওঠে রেফারির বাঁশি। জনসনই পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন যুক্তরাষ্ট্রকে। এগিয়ে যাবার আনন্দ অবশ্য তারা দু মিনিটের বেশি উপভোগ করতে পারেনি। প্রায় এক বছর অবসর ভেঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফেরা হুয়ান রোমান রিকুয়েলমের দারুণ এক ফ্রিকিক এসে পড়ে গ্যাব্রিয়েল হাইঞ্জের কাছে। হাইঞ্জের ভলি গোলকিপার কেসি কেলার ঠেকালেও ক্রেসপোর শট তার পক্ষে ঠেকানো সম্ভব হয়নি (১-১)। গোল শোধের পর এগিয়ে যাওয়ার আশায় আক্রমণে ঢেউ তুললেও তার সুফল পায়নি আর্জেন্টিনা। কারণ তাদের সামনে বাধার প্রাচীর হয়ে দাঁড়িয়েছেন কেলার। প্রায় চার বছর পর প্রথম আন্তর্জাতিক ফুটবল খেলতে নামা হুয়ান সেবাস্টিয়ান ভেরনের জোরালো শট তিনি উঠিয়ে দিয়েছেন ক্রসবারের ওপর দিয়ে। আরেক বার কর্নার থেকে ক্রেসপোর হেড ঠেকিয়েছেন দৃঢ়তার সঙ্গে।
দ্বিতীয়ার্ধে স্বাভাবিক কারণেই মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। আক্রমনে গতি আনতে ক্যাম্বিয়াসোর বদলে মাঠে নামানো হয় পাবলো আইমারকে, অন্যরাও তৎপরতা বাড়ান আরও। প্রথমার্ধে কড়া মার্কিংয়ে থাকা মেসিও তার পায়ের কারুকাজ দেখানো শুরু করেন। দলকে এগিয়ে নেয়ার ভালো একটা সুযোগও এসেছিল তার সামনে। কিন্তু একক প্রচেষ্টায় বক্সের মধ্যে ঢুকে পড়েও পোস্টের বাইরে মেরে দেন বার্সেলোনার এই তারকা। শেষ পর্যন্ত আর্জেন্টাইনদের হতাশা ঘুচেছে ৬৪ মিনিটের সময়। রিকুয়েলমের সঙ্গে ওয়ান-টু খেলে ক্রেসপোর উদ্দেশ্যে বল বাড়িয়েছেন মেসি। ডিফেন্স-চেরা সেই থ্রু ধরে ডান দিক থেকে দারুণ এক শটে দলকে এগিয়ে দিতে ভুল করেননি ক্রেসপো। আর্জেন্টিনার জার্সি গায়ে এটা তার ৩৪তম গোল। যে গোলটা তাকে বসিয়ে দিল আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বর ম্যারাডোনার পাশে। ম্যারাডোনার সামনে সেই অর্জন মুঠোবন্দী করতে পেরে ক্রেসপো একেবারে অভিভূত,"ডিয়েগোর (ম্যারাডোনার) করা গোলের সংখ্যা স্পর্শ করতে পারা আমার জন্য এক বিরাট সম্মান।"
এগিয়ে গিয়েও দু বারের বিশ্ব চ্যাম্পিয়নদের আক্রমণের ঝাঁঝ কমেনি, বরং বেড়েছে। তারই ফসল শেষ দুটো গোল। ৭৮ মিনিটে হাইঞ্জের ক্রসে দুর্দান্ত এক ডাইভিং হেডে গোল করে আইমার ব্যবধান উন্নীত করেন ৩-১ এ। ৭ মিনিট পর ম্যাচের শেষ গোলটিও আরেক বদলি খেলোয়াড়ের। রিকুয়েলমের লং বল ধরে অফসাইড ট্র্যাপ ভেঙ্গে দারুণ এক টাচে প্রতিপক্ষ গোলটা করেছেন মাত্র ৬ মিনিট আগে মাঠে নামা তেভেজ।
প্রথম ম্যাচেই বড় জয়, আর্জেন্টিনার তো খুশি হওয়ারই কথা। কোচ আলফিও বাসিল খুশিও, কিন্তু তাই বলে এখনই আত্মপ্রসাদে না ভোগার জন্য তিনি সতর্কও করে দিচ্ছেন দলের খেলোয়াড়দের,"পিছিয়ে পড়েও আমরা হতাশ হয়ে পড়িনি। বরং জয় নিশ্চিত না হওয়া পর্যন্ত গোলের জন্য চেষ্টা করে গেছি। তবে তাই বলে এত তাড়াতাড়ি আত্মতৃপ্তিতে ভুগলে আমাদের চলবে না। কারণ আমরা তো মাত্র একটা ম্যাচ জিতেছি। ওরা (যুক্তরাষ্ট্র) ম্যাচটা বেশ কঠিন করে তুলেছিল আমাদের জন্য। (প্রথমার্ধে) বলের দখল আমাদেরই বেশি ছিল, কিন্তু খুব বেশি সুযোগ সৃষ্টি করতে পারিনি। তবে আমরা জানতাম, দ্বিতীয়ার্ধে ওরা ক্লান্ত হয়ে পড়বে।"
কোপা আমেরিকায় শুক্রবার কোনো খেলা নেই। শনিবার মুখোমুখি হবে ভেনেজুয়েলা-পেরু এবং বলিভিয়া-উরুগুয়ে। আর রোববার (বাংলাদেশ সময় সোমবার ভোর ৪টা ১৫ মিনিট) চিলির সঙ্গে ব্রাজিলের বাঁচা-মরার লড়াই। যে ম্যাচে মাঠে নামার আগে ব্রাজিলের জন্য দুঃসংবাদ
bdnews24