২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফুটবলকে বিদায় জানাচ্ছেন নকীব

কিংবদন্তী কাজী সালাউদ্দিনের বিদায়ী ম্যাচ দেখা সেই স্কুল ছাত্রটিরই খেলোয়াড় হিসেবে ছুটি হয়ে যাচ্ছে ফুটবল থেকে !

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2007, 09:39 PM

Updated : 26 Apr 2022, 02:09 PM

১৯৮৪ সালের সেই স্কুলছাত্রটির নাম ইমতিয়াজ আহমেদ নকীব। এখনো নাম একই, কিন্তু গত ২৩ বছরে ফুটবলের সুবাদে এই নামের সঙ্গে যোগ হয়েছে অনেক উপনাম।  তেমনি এক নাম ‘গোল -- মেশিন’ যে মেশিন আনুষ্ঠানিকভাবে বন্ধ হয়ে যাচ্ছে শনিবার আবাহনী ---- মোহামেডান ম্যাচে।

ঘরোয়া ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ খেলেই ফুটবলকে বিদায় জানাচ্ছেন নকীব। তবু তার মন খারাপ, “অবসর নেবো এটা ভাবতেই খারাপ লাগছে। তবে মনে  হচ্ছে এটাই উপযুক্ত সময়, তাই বড় ম্যাচ দিয়েই বিদায় নেবো।” সেটা আবাহনী-- মোহামেডান ম্যাচ, ২০০০ সালে ঢাকা লিগের এই ম্যাচে তিনি হ্যাট্রিক করে হারিয়েছিলেন আবাহনীকে। এবার সেই সাদা ---- কালো জার্সি গায়েই নামছেন বিদায়ী ম্যাচ খেলতে।

ওই জার্সি দিয়েই শুরু হয়েছিল তার প্রিমিয়ার লিগ। পাইওনিয়ার লিগের বাড্ডা জাগরণী থেকে ১৯৮৯ সালে মোহামেডানে যোগ দেন। সেই থেকেই এই ক্লাবের সঙ্গে তার আত্মীয়তা, সেই থেকে একরকম মোহামেডানর ঘরের ছেলেই নকীব। যদিও ’৯৫ থেকে ’৯৯ পর্যন্ত তিনি মুক্তিযোদ্ধায় কাটিয়েছেন। ১৮ বছরে ঢাকা লিগে গোল করেছেন ১০৭ টি। ঢাকা লিগে আবির্ভাবের পরের বছরই জাতীয় দলে সুযোগ পাওয়া  এই স্ট্রাইকারের দাবী আন্তর্জাতিক ম্যাচে ৩৫ থেকে ৪০ টির মতো  গোল আছে তার।

গত কয়েকবছর ধরে অবশ্য এই গোল মেশিনের উৎপাদন ক্ষমতা কমে আসছিল। তাই ৩৪ বছর বয়সে নিজের বুট জোড়া তুলে রেখে নতুনদের জন্য জায়গা করে দিতে চান, “ ফুটবল আমাকে অনেক দিয়েছে। এখন নতুনদের জন্য জাযগা ছেড়ে দিতে চাই। ”