প্রথম দিনটি ভালোই কেটেছে রাজশাহী ও খুলনার
ইস্পাহানী মির্জাপুর চা জাতীয় ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডের প্রথম দিনটি ভালো ভাবেই পার করেছে পয়েন্ট তালিকায় ঢাকার সঙ্গে যুগ্মভাবে শীর্ষে থাকা রাজশাহী। চট্টগ্রামের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমে নাঈম ইসলাম ও ফরহাদ রেজার হাফ সেঞ্চুরিতে দিন শেষে তাদের সংগ্রহ ৯ উইকেটে ৩২৫ রান। একই দিনে ঢাকায় স্বাগতিকদের বিপক্ষে খুলনা ৯ উইকেটে ২৮৬ রান তুলেছে।
চট্টগ্রাম বিভাগীয় স্টেডিয়ামে রাজশাহীর শুরুটা ছিল নড়বড়ে। তবে শুরুতে তাড়াতাড়ি তিন উইকেট হারিয়ে ফেললেও বাকিরা দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন। দলের পক্ষে উল্লেখযোগ্য অবদান নাইম ইসলাম (৬৮) ও ফরহাদ রেজার (৫৫)। সুবাদে ৯০ ওভার খেলে ৯ উইকেটে ৩২৫ রান তুলে দিন শেষ করতে পেরেছে রাজশাহী। ব্যাটিংয়ে আছেন আরিফ (২৪) ও সুমন (১)। চট্টগ্রামের স্পিনার সাজু দত্ত ১০৮ রানে ৩ উইকেট নিয়েছেন।
ফতুল্লা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় খুলনা। শক্তহাতে দলের হাল ধরেন ইমরুল কায়েস। ২টি ছক্কা ও ১১টি চারের সাহায্যে করা তার ৭৮ রান এবং মনিরুল ইসলামের (৪৬) চমৎকার ব্যটিংয়ের সুবাদে ৯ উইকেটে তিনশ’র কাছাকাছি পৌঁছে যায় খুলনা। ঢাকার পেসার আজিম ৪টি ও রাশিদুল নিয়েছেন ৩ উইকেট ।
