২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএফএ গঠনতন্ত্র নিয়ে প্রতারণা করেছে বাফুফে!

আট দিনের মাথায় ধরা পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিথ্যাচার। ডিএফএ'র (বিভাগীয়/জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনতন্ত্রকে ফিফা অনুমোদিত বলে দাবি করছিল বাফুফে। কিন্তু শনিবার সংবাদ সম্মেলন করে তাদের দাবিকে উড়িয়ে দিয়েছেন বাফুফের বাইরে থাকা একদল ফুটবল সংগঠক। বাদল রায়-ফজলুল রহমান বাবুলরা তাদের বক্তব্যের পক্ষে ফিফার কাগজ-পত্রও হাজির করেছেন, যাতে স্পষ্ট ফুটবল ফেডারেশন এই গঠনতন্ত্রের অনুমোদন বিষয়ে অনেক সত্য কথাই লুকিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2007, 03:59 PM

Updated : 26 Aug 2022, 08:44 PM

ঢাকা, অক্টোবর ৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- আট দিনের মাথায় ধরা পড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের মিথ্যাচার। ডিএফএ'র (বিভাগীয়/জেলা ফুটবল অ্যাসোসিয়েশন) গঠনতন্ত্রকে ফিফা অনুমোদিত বলে দাবি করছিল বাফুফে। কিন্তু শনিবার সংবাদ সম্মেলন করে তাদের দাবিকে উড়িয়ে দিয়েছেন বাফুফের বাইরে থাকা একদল ফুটবল সংগঠক। বাদল রায়-ফজলুল রহমান বাবুলরা তাদের বক্তব্যের পক্ষে ফিফার কাগজ-পত্রও হাজির করেছেন, যাতে স্পষ্ট ফুটবল ফেডারেশন এই গঠনতন্ত্রের অনুমোদন বিষয়ে অনেক সত্য কথাই লুকিয়েছে। শনিবার জাতীয় ক্রীড়া পরিষদের নীচতলায় এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাফুফের সাবেক সহকারী সাধারণ সম্পাদক বাদল রায় জানিয়েছেন, "ডিএফএ'র গঠনতন্ত্র ফিফা অনুমোদন করেছে বলে বাফুফে যে কথাটা বলে বেড়াচ্ছে এটা একটি বিভ্রান্তিকর তথ্য। আসলে ফিফা এখনো এটা অনুমোদন করেনি বরং গঠনতন্ত্রে কিছু পরিবর্তন আনার জন্য বলেছে।" সঙ্গে তারা ফিফার একটি চিঠিও সরবরাহ করেছেন যেখানে প্রস্তাবিত ডিএফএ'র গঠনতন্ত্রে কিছু পরিবর্তনের পরামর্শ দেয়া হয়েছে। প্রস্তাবিত গঠনতন্ত্রের ৯ টি অনুচ্ছেদে পরিবর্তন আনতে বলেছে ফিফা। তার মধ্যে বড় গলদটা হচ্ছে অনুচ্ছেদ ১০-এ, যেখানে প্রস্তাবিত ডিএফএ গঠনতন্ত্রের কাউন্সিলরশিপে পরিবর্তন আনার জন্য বলেছে ফিফা। গঠনতন্ত্রে কাউন্সিলর হিসেবে পুলিশ কমিশনার, এসপি, এডিসি, আঞ্চলিক বিওএ (যদিও এই নামে কিছু নেই), শিক্ষা অফিসার, সিটি করপোরেশনের প্রতিনিধিদের রেখেছে বাফুফে। শুধু তাই নয়, ডিএফএ-তে বাফুফে সভাপতির ৭ জন প্রতিনিধিকে কাউন্সিলর রাখার প্রস্তাব দিয়েছে বাফুফে। এসব দেখে বিস্মিত সাবেক তারকা ফুটবলার ও সংগঠক বাদল রায়, "তাদের পাঠানো গঠনতন্ত্রে সরকারি লোকজনকে রাখা হয়েছে যেটার বিরোধী ফিফা সবসময়। ফিফার মনোভাব জানার পরও তারা এটা করেছে এবং এটাই বিস্ময়কর মনে হয়েছে। এর পেছনে কোনো উদ্দেশ্য থাকতে পারে।" তারপর বাফুফের কাউন্সিলর হিসেবে নিজের অধিকারের কথা উল্লেখ করে তিনি প্রতারনার অভিযোগ তুলেছেন এই কমিটির বিরুদ্ধে, "বাফুফে কাউন্সিলর হিসেবে আমার মতো অনেকেই জানেন না কীভাবে ডিএফএ'র গঠনতন্ত্র প্রণয়ন হচ্ছে। অথচ আমাদের জানার অধিকার আছে। তারা (বাফুফের বর্তমান কমিটি) নিজেদের মতো করে গঠনতন্ত্র তৈরি করে কাউন্সিলরদের সঙ্গে প্রতারণা করছে।" ফিফা গঠনতন্ত্রের অনুচ্ছেদ ৮-এর কথা উল্লেখ করে লিখেছে, জাতীয় ক্রীড়া পরিষদ ও সরকারের কোনো প্রভাব থাকতে পারবে না ডিএফএ গুলোর ওপর। অনুচ্ছেদ ১১ তে ডিএফএ সম্পাদক ও যুগ্ম সম্পাদককে নির্বাহী কমিটির ভেতর না রাখার পরামর্শ দিয়েছে ফিফা। মানে এরা হবেন বেতনভুক্ত কর্মকর্তা। এই পরামর্শের কথা ছাড়া বাফুফে কর্তারা কিছুই স্বীকার করেননি এতদিন। অথচ পরিবর্তন আনার পরামর্শ দিয়ে পাঠানো ফিফার ওই চিঠিটা বাফুফে হাতে পেয়েছে গত ২৬ সেপ্টেম্বর। তার পরদিনই বাফুফে সভাপতি এস এ সুলতান মিডিয়াকে বলেছিলেন, "ডিএফএ গঠনতন্ত্র ফিফা অনুমোদন করে পাঠিয়েছে। তারা গঠনতন্ত্রের খুব প্রশংসা করেছে। তবে ছোটখাটো কিছু পরামর্শ আছে, সেগুলো কেনো সমস্যা নয়। জাতীয় ক্রীড়াপরিষদ এখন গঠনতন্ত্র অনুমোদন করে দিলেই আমরা ডিএফএ নির্বাচনের দিকে যেতে পারি।" তারপর গত ৩ অক্টোবার বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালু দাবি করেছিলেন, "জাতীয় ক্রীড়া পরিষদ আমাদের গ্রীন সিগ্যানল দিয়েছে। এখন আমরা নির্বাচনের জন্য পরবর্তী পদক্ষেপের কথা ভাববো।" কিন্তু এই উপলক্ষে ৫ অক্টোবর বাফুফে জরুরী সভার পর জানা গেল, পরবর্তী পদক্ষেপটা নির্বাচনের দিকে নয়, ফিফার দিকে। তখনই প্রশ্নের জন্ম হয়েছিল। শনিবার এই সংবাদ সম্মেলনের পর নিশ্চিত হওয়া গেলো কেন আবার ফিফামুখী হতে হচ্ছে ফুটবল ফেডারেশনকে। বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন মালুর এখনকার বক্তব্যটা অবশ্য অন্যরকম,"আমরা তো কখনো বলিনি ফিফা ডিএফএ গঠনতন্ত্র অনুমোদন করেছে। তাদের কিছু অবজার্ভেশন ছিল, সেজন্যই আবার ফিফায় পাঠাতে হবে গঠনতন্ত্রটি।" তারা যে ডিএফএ নিয়ে লুকোছাপা করছে, তার প্রমাণ হচ্ছে সেই ২৭ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত তাদের দেওয়া বক্তব্য। এসব বক্তব্য দেখেই নাকি বাদল রায় ও ফজলুর রহমান বাবুল সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন। বাদল রায় জানিয়েছেন,"মিডিয়াকে ভুল তথ্য দেওয়া হচ্ছে দেখেই আমরা সত্য প্রকাশের জন্য এই সংবাদ সম্মেলন করেছি। আমরা আহবান জানাই, জাতির কাছে পুরো ব্যাপারটা পরিস্কার করতে বাফুফের বিশেষ সাধারণ সভা ডাকা হোক। কাউন্সিলরদের মতামত নেওয়া হোক ডিএফএ গঠনতন্ত্র নিয়ে।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবি/এমএম/২১৫০ঘ.