টানা তৃতীয়বার ইউএস ওপেন জিতলেন রজার ফেদেরার
টানা তিনবারের মতো ইউএস ওপেন গ্রান্ডস্ল্যামের শিরোপা জিতেছেন সেরা বাছাই সুইস টেনিস তারকা রজার ফেদেরার।
নিউইয়র্কে ফাইনালে যুক্তরাষ্ট্রের অ্যান্ডি রডিককে ৬--২, ৪--৬,৭--৫ এবং ৬--১ সেটে হারিয়ে ফেদেরার এই অসামান্য গৌরব অর্জন করেন। এটি ফেদেরারের নবম গ্রান্ডস্ল্যাম শিরোপা জয়।
প্রথম সেটে ফেদেরার রডিককে অনায়াসে ৬-২ গেমে পরাজিত করলেও পরবর্তী সেটে খেলায় ফিরে আসেন রডিক। এই সেটে ফেদেরার রডিকের নৈপূণ্যের কাছে ৪-৬ গেমে হার মানতে বাধ্য হন। খেলার ভাগ্য চতুর্থ সেটে নির্ধারিত হলেও তৃতীয় সেটে দুই তারকার মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়। এই সেটে শেষপর্যন্ত ফেদেরার ৭-৬ গেমে জয়লাভ করেন।
এরপর শেষ সেটে ফেদেরার অনায়াসেই ক্লান্ত রডিককে ৬-১ গেমে পরাজিত করেন। রডিকের বিরুদ্ধে এটি ফেদেরারের ১২ খেলায় একাদশ জয়।
ফেদেরারের আগে টেনিস তারকা ইভান লেন্ডল ১৯৮৫ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত টানা তিনবার ইউএস ওপেনের শিরোপা জেতেন। তবে এবারের শিরোপা জিতে ফেদেরার আরেকটি অনন্য রেকর্ড সৃষ্টি করলেন। টানা তিনবার উইম্বল্ডন জয়ের পাশাপাশি টানা তিনবার ইউএস চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলেন তিনি। সেই সঙ্গে তিনি নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে গেলেন, যেখানে তার পাশে আর কেউ নেই। ২০০৪ খেকে ২০০৬, এই তিন বছর ফেদেরার টানা উইম্বল্ডন এবং ইউএস ওপেনের শিরোপা জয় করেন।
এদিকে মহিলাদের ডাবলসে রাশিয়ার অবাছাইকৃত ভেরা জেভোনারেভা এবং ফরাসি ন্যাথালি ডিচি জুটি অষ্টম সেরা বাছাই জুটি রাশিয়ার দিনারা সাফিনা ও স্লোভেনিয়ার ক্যাটারিনা শ্রিবোটনিককে সরাসরি ৭-৬ (৭-৫) ও ৭-৫ সেটে পরাজিত করে শিরোপা জয় করেছেন।
ন্যাথালি ডিচি এ নিয়ে দ্বিতীয় এবং ভেরা জেভোনারেভা চতুর্থ দ্বৈত শিরোপা জয় করলেন। অপরদিকে দিনারা সাফিনা -ক্যাটারিনা জুটি এর আগে দুটি গ্রান্ডস্ল্যাম জয় করেছিলেন।
