শেষ টেস্টে শ্রীলংকার প্রয়োজন ৯০ রান, দক্ষিণ আফ্রিকার ৫ উইকেট
মুরলিধরনের স্পিন জাদুতে ২য় ও শেষ টেস্টে সুবিধাজনক স্থানে রয়েছে স্বাগতিক শ্রীলংকা। চতুর্থ দিন শেষে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে শ্রীলংকার সংগ্রহ ২৬২ রান। জয়ের জন্য পঞ্চম ও শেষ দিনে তাদের করতে হবে ৯০ রান।
আর দক্ষিণ আফ্রিকাকে এই ম্যাচে জয় ছিনিয়ে নিয়ে সিরিজে সমতা আনতে স্বাগতিকদের ৯০রান তুলে নেবার আগেই বাকী পাঁচটি উইকেট তুলে নিতে হবে।
দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে মুরলি’র স্পিনে বিধ্বস্ত হয়ে সবকটি উইকেট হারিয়ে ৩৬১ রান করে। মুরলিধরন পাঁচটি এবং ফাস্ট বোলার মালিঙ্গা তিনটি উইকেট নেন। জবাবে স্বাগতিক শ্রীলংকা আফ্রিকান বোলার স্টেইন ও এনটিনি’র দুর্দান্ত বোলিংয়ের সামনে মাত্র ৩২১ রানে অলআউট হয়ে যায়। স্টেইন ৮২ রানে পাঁচটি এবং এনটিনি ৮৪ রানে চারটি উইকেট লাভ করেন।
৪০ রানের লিড নিয়ে মাঠে নামলেও দক্ষিণ আফ্রিকা তাদের ২য় ইনিংসে আবারো মুরলিধরনের শিকারে পরিণত হয়। মুরলিধরন মাত ৯৭ রানে সাতটি উইকেট লাভ করলে দক্ষিণ আফ্রিকা মাত্র ৩১১ রানে অল আউট হয়ে যায়। আর দুই ইনিংসে মুরলির সংগ্রহ দাঁড়ায় ১২টি উইকেট। মুরলি এই নিয়ে টানা ৪টি টেস্টে দশ বা দশের অধিক উইকেট শিকার করলেন।
এর আগে কলম্বোর প্রথম টেস্টে ইনিংস ও ১৫৩ রানের বিশাল জয় পায় শ্রীলংকা। এই টেস্টে ৬২৪ রানের সর্বোচ্চ রানের পার্টনারশিপের রেকর্ড গড়েন লংকান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। তৃতীয় উইকেট জুটিতে মাহেলা করেন ৩৭৪ রান এবং সতীর্থ সাঙ্গাকারা করেন ২৮৭ রান। মুরলি দুই ইনিংসে ১০ উইকেট নিয়ে দলের জয়কে সহজ করে তোলেন। মাহেলা জয়াবর্ধনে তার অনবদ্য ৩৭৪ রানের চমৎকার ইনিংসের জন্য ম্যান অব দ্যা ম্যাচ বিবেচিত হন।
১৪ আগস্ট কলম্বোতে ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকাকে নিয়ে ত্রিদেশীয় ওয়ান ডে সিরিজ শুরু হতে যাচ্ছে । প্রথম দিনে শ্রীলংকা মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। প্রতিটি দলের সাথে দুইবার করে মুখোমুখি হওয়ার পর ২৯ আগস্ট সেরা দুটি দল ফাইনালে খেলবে। এই ওয়ান ডে সিরিজে টেস্ট দলের অধিনায়ক এ্যাশওয়েল প্রিন্সের বদলে কিপার মার্ক বাউচারকে দলের অধিনায়ক করা হয়েছে। ২১৭টি একদিনের ম্যাচে অংশ নেয়া খেলা মার্ক এর আগে পাকিস্তানের বিরুদ্ধে একবারই মাত্র দলের প্রতিনিধিত্ব করেছেন।
