বাফুফে ’তে সংকট: সালাউদ্দিন, চুন্নু, কানন, হেলাল ও জনির পদত্যাগ, ১ম লিড
দেশ বরেণ্য ফুটবলার কাজী সালাউদ্দিন শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভাইস চেয়ারম্যান ও জাতীয় দল ব্যবস্থাপনা কমিটি (এনটিএমসি)’র চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছেন।
তার পদত্যাগের পরপরই দেশের ফুটবল জগতে বিভিন্ন সংগঠনে গুরুত্বপূর্ণ পদে বহাল এমন আরও চার তারকা ফুটবলার নিজ নিজ অবস্থান থেকে পদত্যাগ করেন।
এরা হচ্ছেন আশরাফউদ্দিন আহমেদ চুন্নু, সাঈদ হাসান কানন, গোলাম রব্বানি হেলাল ও ইমতিয়াজ সুলতান জনি।
আগামী মাসে কলম্বোয় অনুষ্ঠেয় সাউথ এশিয়ান গেমস এর জন্যে বাংলাদেশ দলের নতুন ম্যানেজার ও অধিনায়ক নির্বাচনের প্রতিবাদে পদত্যাগের সিদ্ধান্ত নেন তারা।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পদত্যাগী ফুটবল কর্মকর্তারা বলেন, এ নির্বাচনে জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্তকে উপেক্ষা করা হয়েছে।
এসব বিতর্কের জের ধরে চুন্নু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহকারি সম্পাদক এবং এশীয় ফুটবলের বাছাই পর্বে জাতীয় দলের ম্যানেজারের অবস্থান থেকে, কানন এনটিএমসি’র সদস্য সচিব পদ থেকে এবং জনি ওই কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেন।
বাফুফে’র সিনিয়র সহ সভাপতি মনির আহমেদও এনটিএমসি’র উপদেষ্টার পদ থেকে অব্যাহতি চেয়ে চিঠি দিয়েছেন বলে জানা গেছে।
সংবাদ সম্মেলনে ফুটবলার কাজী সালাউদ্দিন বলেন, ‘একজন মিথ্যাবাদী ও নৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত সভাপতির অধীনে কাজ করা সম্ভব নয়’।
তিনি আরও বলেন, ‘এই সভাপতির অধীনে এটাই সম্ভবত তার শেষ সংবাদ সম্মেলন এবং আমাকে পদত্যাগ করানোর জন্যই আসলে এই ফাঁদ পাতা হয়েছে। অথচ আমি দেশের ফুটবলের উন্নয়নের লক্ষ্যেই এখানে এসেছিলাম’।
গোলাম রব্বানী হেলাল বলেন, ‘ এনটিএমসি’র চেয়ারম্যান যখন তার পদ থেকে সরে দাঁড়ান, তখন কমিটিতে আর কোনো সদস্যের থাকারই কোনো মানে হয় না’।
চুন্নু বলেন, ‘ আমি যদিও এনটিএমসি’র সদস্য নই, তারপরও এনটিএমসি আমাকে জাতীয় দলের প্রধান হিসেবে আমাকে নিয়োগ দিয়েছিল। আর এজন্যই আমি সম্মেলনে যোগ দিয়ে সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি’।
চুন্নু আরও বলেন,‘ আমি গত এক বছর ধরেই বাফুফে’র কাজকর্ম পর্যবেক্ষণ করছি এবং আর এ কারণেই আমি এ থেকে পদত্যাগের জন্য মনস্থির করেছি। আর আমি মনে করি, পদত্যাগের জন্যই এটাই উপযুক্ত সময়’। গত বছর স্কুল ফুটবল অনুষ্ঠানের জন্য তাকে তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং তাকে কোণঠাসা করে ফেলা হয়েছিল বলে উল্লেখ করেন চুন্নু।
প্রসঙ্গত, এনটিএমসি’র সিদ্ধান্তকে পাশ কাটিয়ে বাফুফে বৃহস্পতিবার ইউ-২৩ জাতীয় দলের নেতা হিসেবে আব্দুর রহিম এবং ম্যানেজার হিসেবে আমিরুল ইসলাম বাবুর নাম ঘোষণা করে। এনটিএমসি’র সিদ্ধান্ত অনুযায়ী দলনেতা ছিলেন আব্দুর রহিম এবং ম্যানেজার আবু নোমান নান্নু।
কাজী সালাউদ্দিন বলেন, বাফুফে দ্বিতীয়বারের মতো তাদের প্রতিশ্র“তি ভঙ্গ করেছে। কিন্তু তার কমিটি চেয়েছিল জাতীয় দলের এমন একজনকে ম্যানেজার নির্বাচন করতে যিনি সাবেক ফুটবল খেলোয়াড় এবং যার ফুটবল ক্যারিয়ার ভাল ছিল।
তিনি বলেন, ‘আমিরুল ইসলাম বাবুর ব্যাপারে আমাদের কোনো সমস্যা নেই এবং আমরা তাকে দলনেতা বানানোর জন্যও বাফুফে’র কাছে প্রস্তাব করেছি। কিন্তু বাফুফে’র উচিত ছিল আমাদের সঙ্গে বিষয়টি আলোচনা করে নেওয়ার। কিন্তু সভাপতি কোনো আলোচনা না করেই তড়িঘড়ি করে সংবাদ সম্মেলন ডেকে ওদের নাম ঘোষণা করে দিয়েছেন’।
