ইংল্যান্ডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেন বেকহাম
কোয়ার্টারফাইনালে পর্তুগালের কাছে টাইব্রেকারে ৩--১ গোলে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার একদিন পরই রোববার সকালে ইংল্যান্ডের অধিনায়ক ডেভিড বেকহাম তার পদ থেকে ইস্তফা দিয়েছেন।
একত্রিশ বছর বয়সি বেকহাম শনিবার গেলশেনকারশেনে অনুষ্ঠিত ম্যাচে পর্তুগালের বিরুদ্ধে খেলার ৫২তম মিনিটে এ্যাঙ্কেল ইনজুরির জন্যে মাঠ ছাড়েন এবং সাইডলাইনে বসে চোখের পানি ফেলেন।
বেকহামের জন্য আরও দুঃখের বিষয় ছিল টাইব্রেকারে অংশগ্রহণ করতে না পারা এবং পর্তুগালের কাছে ৩--১ গোলে হেরে বিদায় নেওয়া।
কান্নায় ভেঙ্গে পড়ে বেকহাম রোববার এক প্রেস কনফারেন্সে জানান, তিনি দেশের পক্ষে খেলায় অংশ নেবেন কিন্তু অধিনায়ক হিসেবে নয়।
বেকহাম বলেন, ২০০০ সালের ১৫ নভেম্বর পিটার টেইলর আমাকে ইংল্যান্ডের অধিনায়কত্ব দিয়ে সর্বোচ্চ সম্মান দেখিয়েছেন এবং আমার বাল্যকালের লালিত স্বপ্ন পূরণ করেছেন।
আমি ৯৫ ম্যাচে ৫৮ টি খেলায় অধিনায়কত্ব করেছি ইংল্যান্ডের হয়ে এবং প্রায় ছয় বছর পর আমার মনে হচ্ছে আর্মব্যান্ড বদলের এখনই উপযুক্ত সময়। কেননা, ইংল্যান্ড স্টিভ ম্যাকলার্নের অধিনে নতুন যুগে প্রবেশ করেছে। বেকহাম জানান তিনি আগেই সিদ্ধান্ত নিয়েছিলেন বিশ্বকাপের পর অধিনায়কত্ব ছেড়ে দিবেন।
সময় নির্ধারণ করা ছিল আমার জন্য খুবই সমস্যাপূর্ণ, কিন্তু আমি আমার পরিবার ও কাছের জনের সাথে আলাপ করে সিদ্ধান্ত নিয়েছি এটাই উপযুক্ত সময়, বলেন বেকহাম।
রিয়াল মাদ্রিদের এই মধ্যমাঠের খেলোয়ার তার সিদ্ধান্তের কথা জানিয়ে দ্রুত প্রেস কনফারেন্স থেকে বেড়িয়ে পড়েন।
নতুন কোচ স্টিভ ম্যাকলার্ন আগষ্টে সভেন গোরান এরিকসনের স্থলাভিত্তিক হবেন।
বেকহাম ২১ বছর বয়সে ১৯৯৬ সালে প্রথম ইংল্যান্ডের জার্সি পড়েন এবং ইটালির বিরুদ্ধে একটি ফ্রেন্ডলি ম্যাচে প্রথম অধিনায়কের আর্মব্যান্ড পড়েন। পরবর্তীতে ২০০০ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের পর এ্যালান শিয়েরার অবসর নিলে তিনি তার স্থলাভিত্তিক হন।
