লেবাননের আল আহেদের বিরুদ্ধে মঙ্গলবার এএফসি কাপের লড়াইয়ে নামছে ব্রাদার্স
ভালো খেলার প্রত্যাশা নিয়ে ব্রাদার্স ইউনিয়ন মঙ্গলবার এএফসি কাপে লেবাননের আল আহেদের বিরুদ্ধে হোম ম্যাচ খেলতে নামছে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকেল চারটায় খেলাটি শুরু হবে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের সম্মেলন কক্ষে সোমবার এক ব্রিফিংয়ে ব্রাদার্স কোচ ওয়াজেদ গাজী জানান, দেশের এই ক্রান্তিকালের মধ্যে আল আহেদের বিরুদ্ধে ভালো খেলা উপহার দিতে আগ্রহী তার দল।
ব্রিফিংয়ে ব্রাদার্স ইউনিয়নের ম্যানেজার আমের খান, আল আহেদ ক্লাবের কোচ জামাল আল হাজ, অধিনায়ক বাসিম মারমার এবং বাফুফে’র কমিউনিকেশন ম্যানেজার সাইদ আল ফাতাহ উপস্থিত ছিলেন।
ওয়াজেদ গাজী বলেন, জাতীয় দলের ফুটবলাররা শেষ মুহূর্তে দলে যোগ দেওয়ায় দলের প্রস্তুতি মোটামুটি মানের হয়েছে। প্রতিপক্ষ আল আহেদকে শক্তিশালী মেনে নিয়েই গাজী দেশবাসীকে ভালো একটি খেলা উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
ওয়াজেদ গাজীর বিচক্ষণ প্রশিক্ষণেই ব্রাদার্স ইউনিয়ন গত বছর ফেডারেশন কাপ এবং প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়। তবে এই মুহূর্তে দলের ডিফেন্স লাইনের সবচেয়ে সেরা অস্ত্র মোহাম্মদ সুজনকে না পেয়ে কিছুটা মর্মাহত বর্ষীয়ান এই কোচ। সেন্ট্রাল ডিফেন্ডার সুজন মাসল পুলের কারণে আল আহেদের বিরুদ্ধে ম্যাচটি মিস করতে যাচ্ছেন।
মঙ্গলবারের ম্যাচে ব্রাদার্সের গোলবারের নীচে দেখা যাবে মুক্তিযোদ্ধার গোলরক্ষক আমিনুল ইসলামকে।
ব্রাদার্স এবং আল আহেদ টুর্নামেন্টের এ গ্রুপের নীচে অবস্থান করছে। দু’টি করে ড্রয়ে দু’দলই সমান দুই পয়েন্ট করে সংগ্রহ করেছে। কাকতালীয়ভাবে দু’দলই ভারতের মহেন্দ্র ইউনাইটেডের সাথে ২ -- ২ গোলে ড্র এবং বাহরাইনের আল মুহাররকের বিরুদ্ধে ২ -- ০ গোলে পরাজিত হয়।
ব্রিফিংয়ে লেবাননের ক্লাবটির কোচ জামাল আল হাজ নিজেদের শক্তি সম্পর্কে কোন সন্দেহ পোষণ করেন নি। তিনি বলেন, আমার মনে হয় টুর্নামেন্টের পরবর্তী রাউন্ডে আমাদের খেলার সম্ভাবনা আছে এবং মঙ্গলবারের ম্যাচে জেতার জন্য আমরা সর্বশক্তি নিয়োগ করব।
দলের ফুটবলাররা ঘরোয়া লিগে খেলে ক্লান্ত থাকলেও এর ছাপ তাদের খেলায় পড়বে না বলে জানান জামাল।
১৬ সদস্যের লেবাননের দলটিতে জাতীয় দলের ফুটবলারই রয়েছেন ছয় জন। এছাড়া সিয়েরা লিয়ন এবং নাইজেরিয়ার দুই ফুটবলারও রয়েছেন দলে।
আল আহেদ দলের অধিনায়ক বাসিম মারমার অবশ্য ঢাকায় পৌঁছেই এখানকার গরম আবহাওয়ার কারণে কিছুটা চিন্তিত হয়ে পড়েছেন।
বৈরুতের আবাহাওয়ার সাথে তুলনা করে বাসিম জানান, ঢাকার এমন উচ্চ তাপমাত্রার কারণে ম্যাচে কিছুটা সমস্যা হতে পারে। তবে বৈরি আবাহাওয়ার বাধা অতিক্রম করে ব্রাদার্সের বিরুদ্ধে তার দল আধিপত্য বিস্তার করতে সক্ষম হবে বলে আশা করছেন বাসিম।
