পেলের ছেলে এডিনহো আবারও গ্রেফতার
ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার পেলের ছেলে এডিনহোকে মাদক এবং অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগে আবারও গ্রেফতার করেছে পুলিশ।
এডসন চলবি ডি নাসিমেনতো এডিনহোকে তার নিজ শহর সানটোস থেকে গ্রেফতার করা হয়েছে।
এই শহরের পক্ষে পেলে তার ক্যারিয়ারের বহু ম্যাচ খেলেছেন এবং পেলের নেতৃত্বে সানটোস দুইবার ওয়ার্ল্ড ক্লাব কাপ শিরোপা জয় করার গৌরব অর্জন করে। খবর বিভিন্ন বার্তাসংস্থার।
সমুদ্রতীরবর্তী শহর রাইয়া গ্রান্ডের একজন বিচারক এডিনহো এবং অপর ছয়জন ব্যক্তিকে মাদক এবং অর্থ পাচারের সাথে যুক্ত থাকার অভিযোগে আটক করার নির্দেশ দেন।
গত বছরের জুন মাসে তাকে এক কুখ্যাত মাদক পাচারকারীর সাথে যুক্ত থাকার অভিযোগ আরও একবার গ্রেফতার করা হয়। ছয় মাস জেলে কাটিয়ে তিনি ডিসেম্বর মাসে ছাড়া পান।
পুলিশ জানিয়েছে, তারা একটি টেলিফোন কল রেকর্ড করেছে যাতে মাদক চোরাকারবারীর সাথে এডিনহোর আলাপ-আলোচনা ও অর্থ লেনদেন সংক্রান্ত তথ্য রয়েছে। বর্তমানে সেই মাদক কারবারী পুলিশের হেফাজতে রয়েছে।
