২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রিমিয়ার ক্রিকেটে ডিওএইচএস’র আরেকটি শ্বাসরুদ্ধকর জয়

মোহামেডান স্পোর্টিং ক্লাবের পর সোমবার আবাহনী লিমিটেডকেও ধরাশায়ী করেছে চ্যাম্পিয়ন ওল্ড ডিওএইচএস।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2006, 08:31 PM

Updated : 26 Apr 2022, 03:18 PM

একটেল প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের অষ্টম রাউন্ডে সোমবার বিকেএসপি-২ মাঠে নয় রানে আবাহনীকে হারিয়েছে চ্যাম্পিয়নরা।

এদিকে ডিওএইচএস’র বিরুদ্ধে হারের শোক কাটিয়ে উঠতে না উঠতেই আবারও পরাজয়ের তেতো স্বাদ নিয়েছে মোহামেডান। ফতুল্লা ক্রিকেট স্টেডিয়ামে বিমানের বিরুদ্ধে আট উইকেটে হেরেছে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব।

বিকেএসপি-১ মাঠে নতুন অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে সোনারগাঁও ক্রিকেটার্স নয় উইকেটের বিশাল জয় পেয়েছে শিরোপা প্রত্যাশী ব্রাদার্স ইউনিয়নের বিরুদ্ধে।

একই দিন ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গতবারের রানার্স আপ সিটি ক্লাব ৩৮ রানে ইন্দিরা রোডকে হারিয়েছে।

ঢাকার বাইরে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়ামে ওরিয়েন্ট ক্লাবকে ৪৪ রানে হারিয়ে তৃতীয় জয়ের স্বাদ নিয়েছে কলাবাগান ক্রীড়া চক্র।

কুমিল্লা স্টেডিয়ামে ভিক্টোরিয়া ৮৫ রানে হারিয়েছে অগ্রনী ব্যাংককে।

ডিওএইচএস বনাম আবাহনী

প্রথম ব্যাট করে ডিওএইচএস সাত উইকেটে ২৪৮ রানের লড়াকু স্কোর গড়ে। দলের পক্ষে নাজিমউদ্দিন ৭৯ এবং ইনফর্ম কেনিয়ান ব্যাটসম্যান স্টিভ টিকোলো ৪৬ বলে ৪৬ রান করেন।

জবাবে ৪৮ দশমিক এক ওভারে দুই উইকেটে ২৩৯ রান তোলার পর মনে হচ্ছিল আবাহনীর জয়টা সময়ের ব্যাপার। কিন্তু তারপরই সব কিছু ওলটপালট হয়ে গেল। সবাইকে অবাক করে দিয়ে আবাহনী বাকি উইকেটগুলো দ্রুতগতিতে হারালেও একটি রানও যোগ করতে পারেনি।

মোহামেডানের বিরুদ্ধে শেষ ওভারে দুই উইকেট নিয়ে দলকে জয় এনে দেওয়া ডিওএইচএস’র বোলার খালেদ মাহমুদ আবাহনীর বিরুদ্ধেও তার বোলিং ম্যাজিক প্রদর্শন করেন। কাকতালীয়ভাবে আবাহনীর শেষ দু’টি উইকেটও তুলে নেন মাহমুদ।

আবাহনীর ইমরান আহমেদ ৬৫ এবং জহিরুল ইসলাম ৫৪ রান করলেও দলের পরাজয় ঠেকানোর জন্য তা যথেষ্ট ছিলনা।

সংক্ষিপ্ত স্কোর: ওল্ড ডিওএইচএস- ২৪৮/৭ (নাজিম ৭৯, টিকোলো ৪৬, মঞ্জুরুল ২৩, খালেদ মাহমুদ ২০ নটআউট, আহসানুল্লাহ ৩/৩৭, আলী আরমান ২/৩৭, ফয়সাল ২/৪৩)

আবাহনী- ২৩৯/১০ (ইমরান ৬৫, জহিরুল ৫৪, ফয়সাল ২৭, শাদাব কবির ২৫, খালেদ মাহমুদ ৩/৩৭, আব্দুর রাজ্জাক ২/২৯)।

মোহামেডান বনাম বিমান

প্রথম ব্যাট করে মোহামেডান বিমানের অলরাউন্ডার মশিফিকুর রহমানের মারাত্মক বোলিংয়ে মাত্র ১২৮ রানেই গুটিয়ে যায়। মুশফিক চার উইকেট তুলে নিয়ে মোহামেডানের ব্যাটিং গুড়িয়ে দেন। মোহামেডানের অধিনায়ক হাবিবুল বাশার এই ম্যাচেও কোন রানের দেখা পাননি। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন খালেদ মাসুদ।

জবাবে বিমান ১৫ দশমিক  এক ওভারে দুই উইকেট খুইয়ে ১৩১ রান করে জয় তুলে নেয়। জাতীয় দলের উদ্বোধনী ব্যাটসম্যান জাভেদ ওমর ৬২ রান করে অপরাজিত থাকেন। 

সংক্ষিপ্ত স্কোর: মোহামেডান- ১২৮/১০ (মাসুদ ৩০, নাদিফ ১৮, মুশফিকুর ৪/১৭, মোশাররফ ২/৩২, জামাল ২/৩৯)

বিমান- ১৩১/২ (জাভেদ ৬২, শাহরিয়ার হোসেন ৩৬, মনিরুল ১/২২, সাব্বির ১/৩৭)।

সোনারগাঁও বনাম ব্রাদার্স

কলাবাগের বিরুদ্ধে অপ্রত্যাশিত হারের পর জরিমানার কবলে পড়ে অস্থির একটি সময়ের মধ্য দিয়ে যাচ্ছিল বড় বাজেটে গড়া তারকাখচিত সোনারগাঁও ক্রিকেটার্স। পরাজয়ের ধাক্কায় স্থানচ্যুত হন নিয়মিত অধিনায়ক আল শাহরিয়ার রোকন। তার জায়গায় অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া মোহাম্মদ আশরাফুলের নেতৃত্বে ব্রাদার্সকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে শিরোপা প্রত্যাশীরা।

প্রথম ব্যাট করে ব্রাদার্স মাত্র ১৬০ রানে অলআউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন পাকিস্তানি রশিদ হানিফ। এছাড়া আরাফাত সানী করেন ২১ রান। সোনারগাঁও দলের বোলার মাহবুবুল আলম তিনটি, মোহাম্মদ  রফিক ও তাপস বৈশ্য দু’টি করে উইকেট তুলে নেন।

জবাবে সোনারগাঁও সদ্য সাবেক হয়ে যাওয়া অধিনায়ক আল শাহরিয়ার রোকনের অনবদ্য ৮৪ রানে ভর করে জয় তুলে নেয়। এছাড়া ইজাজ আহমেদ ৬৯ রান করেন।

সংক্ষিপ্ত স্কোর: ব্রাদার্স- ১৬০/১০ (রশিদ ৪৮, আরাফাত ২১, মাহবুবুল ৩/২৫, রফিক ২/২১, তাপস ২/২২)

সোনারগাঁও- ১৬৪/১ (আল শাহরিয়ার ৮৪, ইজাজ ৬৯, শুভ ১/৩৪)।

ভিক্টোরিয়া বনাম আগ্রনী ব্যাংক     

ভিক্টোরিয়ার ২৯৭ রানের জবাবে অগ্রনী ব্যাংক ২১২ রানে অলআউট হয়।

সংক্ষিপ্ত স্কোর: ভিক্টোরিয়া- ২৯৭/১০ (সাকিব ৮৩, নাসির ৭৫, মুশফিকুর রহিম ৪১, সগীর ৪০, ইমতিয়াজ ৪/৩০)

অগ্রনী ব্যাংক- ২১২/১০ (ইমতিয়াজ ৪৩, কুন্তল ৪৫, কলিম ৩২, কামরুল ৩/২১, জাফর ২/৪৩)।

সিটি ক্লাব বনাম ইন্দিরা রোড

সিটি ক্লাব প্রথম ব্যাট করে রাজিন সালেহ’র ৯০ রানের সুবাদে ২৮৩ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। জবাবে ইন্দিরা রোড ২৪৫ রানে অলআউট হয়।

সংক্ষিপ্ত স্কোর: সিটি ক্লাব ২৮৩/১০ (রাজিন ৯০, টাইবু ৫৭, তুষার ইমরান ৩৫, গোলাম মওলা ২/২২, রেজাউল হক ২/৩৬, জাকির ২/৭২)

ইন্দিরা রোড- ২৪৫/১০ (রেজাউল ৯৫ নটআউট, জুনাইদ ৩৭, গোলাম মওলা ২৫, অলক ৩/৪৭, কামরুল ২/২৯)।

কলাবাগান বনাম ওরিয়েন্ট

কলাবাগানের আট উইকেটে ২১৯ রানের জবাবে ওরিয়েন্ট ক্লাব নয় উইকেটে ১৭৫ রান করতে সক্ষম হয়।

সংক্ষিপ্ত স্কোর: কলাবাগান- ২১৯/৮ (মেহরাব ৪৩, নাহিদুল ৪২, উত্তম ৩৬, মনিরুল ৩১, বাবুল ৩/২২, নাজমুল ৩/৪৫)

ওরিয়েন্ট- ১৭৫/৯ (মাসুম ৬৯, আবেদ ২৪, আলী ৪/৩১)।