ফাস্ট বোলাররা এশিয়া একাদশকে জয় এনে দিল
আফ্রো-এশিয়া কাপ সিরিজের দ্বিতীয় ম্যাচ বোলারদের নৈপূণ্যে এশিয়া একাদশ আফ্রিকা একাদশকে ১৭ রানে সিরিজে ১-১ এ সমতা আনল। সিরিজের চূড়ান্ত ম্যাচটি রোববার অনুষ্ঠিত হবে।
এশিয়া একাদশ প্রথমে ব্যাট করতে নেমে আফ্রিকার সামনে ২৬৮ রানের বিশাল লক্ষ্য ছুঁড়ে দেয়।
এশিয়ার শ্রীলঙ্কান ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা এবং মাহেলা জয়াবর্ধনের আক্রমনাত্মক ব্যাটিংয়ের উপর ভর করে এশিয়া ২৬৮ রানের ইনিংস দাঁড় করায়।
২৬৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ইনিংসের প্রথমে আফ্রিকা একাদশের ব্যাটসম্যানদের ফ্লাড লাইটের মধ্যে খেলতে কিছুটা বেগ পেতে হয়। ধারাবাহিক উইকেট পতনের ফলে ২৫০ রানেই অলআউট হয়ে যায় আফ্রিকা একাদশ।
ডারবানে কিংসমেডের বোলিং সহায়ক পিচে এশিয়া একাদশের অধিনায়ক ইনজামাম উল হক টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন।
এশিয়ার পক্ষে ওপেনিং করতে নামেন শাহীদ আফ্রিদি এবং বিরেন্দর শেওয়াগ।
ইনিংসের দ্বিতীয় বলেই আফ্রিদি জিম্বাবুয়ের হিথ স্ট্রিকের বলে এবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরে যান। তবে প্রথম বলে ছক্কা হাকিয়ে দ্বিতীয় বলেই তার এই পরিণতি হয়।
ক্রিজে এসে ইনফর্ম ব্যাটসম্যান সাঙ্গাকারা আত্মবিশ্বাসের সাথে আফ্রিকান বোলারদের মোকাবেলা করেন এবং রানের গতি বাড়াতে চেষ্টা করেন।
বিরেন্দর শেওয়াগ ব্যক্তিগত ৩৮ রান করে আউট হয়ে যাওয়ার পর সাঙ্গাকারার সঙ্গি হন স্বদেশী মাহেলা জয়াবর্ধনে।
মাহেলা জয়াবর্ধনে ‘ধীরে চল’ নীতি মেনে চললেও সাঙ্গাকারা রানের গতি সচল রাখেন এবং তারাই ধারাবাহিকগতায় ম্যাচের ২০তম ওভারে তুলে নেন নিজের ২১তম ওয়ান ডে হাফ-সেঞ্চুরি।
এর কিছুক্ষণ পর সাঙ্গাকারাকে আউট করে ওদোয়ো প্যাভিলিয়ানে ফেরত পাঠান। একজন শ্রীলঙ্কান আউট হলেও ক্রিজে ছিলেন আরেক ইনফর্ম শ্রীলঙ্কান মাহেলা, রানের গতি সচল রাখতে তিনিও সচেষ্ঠ ছিলেন।
জয়াবধর্নেও হাফ সেঞ্চুরি তুলে নেয়ার পর ওদোয়ো তাকে প্যাভেলিয়ানে ফিরিয়ে দেন। ৭২ বলের মোকাবেলায় একটি ছক্কা ও একটা বাউন্ডারির সাহায্যে তিনি ৫২ রানের চমৎকার একটি ইনিংস খেলেন।
মিডল অর্ডারে ব্যাটিং করতে নেমে দায়িত্বশীলতার পরিচয় দেন ইউসুফ ইউহানা। তার ৪২ রান দলকে বড় স্কোর গড়তে সহায়তা করে। শেষের দিকে ইনজামাম ঝড়ো গতিতে ৩১ রান করে অপরাজিত থাকেন। এশিয়া একাদশ ৫০ ওভারে সংগ্রহ করে ২৬৭ রান।
জবাবে ব্যাটিং করতে নেমে আফ্রিকা একাদশের ক্রিকেটারা পিন্ডি এক্সপ্রেস শোয়েব আখতারের ঝোড়ো গতির বোলিংয়ে বেসামাল হয়ে পড়েন।
প্রথম আউট হন মার্ক বাউচার। ইনিংসের চতুর্থ ওভারে জাহির খানের চমৎকার বলে মাহেলা জয়াবর্ধনের হাতে ধরা দেন তিনি। এরপর বুটা ডিপেনার শোয়েবের শিকারে পরিণত হন।
এরপর আশিষ নেহেরা ফিরিয়ে দেন জ্যাক রুডলফকে। রুডলফ ব্যক্তিগত ১০ রান করেন। এরপর আফ্রিকান ইনফর্ম ব্যাটসম্যান এ্যাশওয়েল প্রিন্সকে অসাধারণভাবে রান আউট করেন আব্দুল রাজ্জাক।
ম্যাচে ফিরে আসার জন্য মরিয়া হয়ে ব্যাটিং করতে থাকেন জাস্টিন কেন্ট এবং স্টিভ টিকোলো। কিন্তু মুরালিধরণের বলে উইকেটকিপার সাঙ্গাকারার বুদ্ধিদীপ্তভাবে রান আউট কেন্টকে থামিয়ে দেয়।
এরপর ধারাবহিক উইকেট পতনের ফলে ২৫০ রানেই আফ্রিকা একাদশের ইনিংসের চাকা থেমে যায়।
এশিয়া একাদশের পক্ষে জাহির খান তিনটি, শোয়েব আখতার দু’টি, নেহেরা ও মুরালি একটি করে উইকেট নেন।
