বিসিবির কাউন্সিলর হচ্ছেন না আরাফাত রহমান
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রভাবশালীদের মধ্যে অন্যতম ব্যক্তি এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পুত্র আরাফাত রহমান বোর্ডের কাউন্সিলর হচ্ছেন না।
বিসিবির উপদেষ্টা আরাফাত রহমান কাউন্সিলর হিসেবে শনিবার নাম জমা না দেয়ায় তা আর সম্ভব হচ্ছেনা।
কাউন্সিলর হিসেবে নাম জমা দেয়ার শেষ দিনে ৬৪টি জেলা, ছয়টি বিভাগীয় ক্রীড়া সংস্থা, ঢাকার ৫০টি ক্লাব, সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৫২ জন তাদের নাম জমা দেন।
শেষ দিনে বিসিবি সাবেক দশজন ক্রিকেটারকে কাউন্সিলর হিসেবে মনোনয়ন দিয়েছে। তাছাড়া জাতীয় ক্রীড়া পরিষদও কাউন্সিলরর হিসেবে পাঁচজনকে মনোনয়ন দিয়েছে। বিসিবির মনোনয়নপ্রাপ্তরা হলেন-শামিম কবির, এ এস এম ফারুক, এ এস এম রকিবুল হাসান, জাহাঙ্গীর শাহ বাদশা, দিপু রায় চৌধুরী, ওমর খালেদ রুমি, ওয়াহিদুল গনি, আজহার হোসেন শান্টু, জাহাঙ্গীর আলম তালুকদার দুলু ও শহিদুল রহমান। এদের মধ্যে আবার শামিম কবির ও রকিবুল হাসান সাবেক অধিনায়ক।
এর আগে ক্রিকেট ওয়েলফেয়ার এসোসিয়েশন কাউন্সিলর হিসেবে অধিনায়কদের মনোনয়ন দেয়ার জন্য বিসিবিকে অনুরোধ জানালেও বোর্ড তা প্রত্যাখ্যান করে। এ ব্যাপারে বিসিবির বক্তব্য ছিল, অধিনায়কদের মধ্যে অনেকেই এখনও খেলা এবং বোর্ডের সাথে জড়িত তাছাড়া একজন দেশের বাইরে অবস্থান করছে।
গাজী আশরাফ হোসেন লিপু সম্পর্কে জানতে চাওয়া হলে বিসিবি সভাপতি আলী আসগর লবী জানান, ২৮ জুলাই শামিম কবির, রকিবুল হাসান, শফিকুল হক ও এ এস এম ফারুকের উপস্থিতিতে লিপুকে কাউন্সিলর পদে মনোনয়ন দেয়ার আমন্ত্রন জানানো হয় এবং লিপু ২৯ জুলাই তার মতামত দেবেন বলে জানালেও আমরা এখন পর্যন্ত তার কাছ থেকে কোন সাড়া পাইনি।
তবে বিসিবি সভাপতি মিনহাজুল আবেদীন নান্নুর ব্যাপারে কোন মন্তব্য করেন নি। বোর্ড কর্মকর্তারা জানান, নান্নু গত বছরও জাতীয় লিগে অংশ গ্রহনের জন্য তার নাম বিবেচনা করা হয়নি।
এদিকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে কাউন্সিলর হিসেবে যাদের মনোনয়ন দেয়া হয়েছে তারা হলেন-মির্জা সালাম ইস্পাহানী, ওরমান রাফে নিজাম, শফিকুল হক হীরা, জিয়াউল ইসলাম ও শামসুল আরেফীন।
