২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এবারের জাতীয় ফুটবল লিগ বেশি জাঁকজমকপূর্ন হবে : মালু

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উপ সম্পাদক এবং নিটল টাটা জাতীয় ফুটবল লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু সোমবার জানিয়েছেন, আগের যেকোন আসরগুলোর চাইতে এবারের জাতীয় ফুটবল লিগ হবে অনেক বেশি জাঁকজমকপূর্ন।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2005, 08:21 PM

Updated : 26 Apr 2022, 05:53 PM

আশা করা যাচ্ছে সেপ্টেম্বর মাস থেকে জাতীয় ফুটবল লিগ শুরু হবে।

উপ সম্পাদক মালু জানান, তিনি এ ব্যাপারে কমিটির চেয়ারম্যান এবং পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান নিটল গ্রুপের চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদের সাথে আলোচনা করেছেন এবং তিনি (মাতলুব আহ্মাদ) সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

এবারের জাতীয় ফুটবল লিগে প্রতিটি দলে পাঁচজন করে বিদেশী খেলোয়াড় খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন মালু। আগের বছর প্রতিটি দলে চার জন করে বিদেশী ফুটবলার খেলানোর নিয়ম ছিল।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারন সম্পাদক আনোয়ারুল হক হেলাল জানিয়েছেন, এবারের জাতীয় লিগের আসরে ১২টি দলের খেলার সম্ভাবনা রয়েছে। ব্রাদার্স ইউনিয়ন ইতিমধ্যে লিগে অংশগ্রহনের ব্যাপারে নিশ্চিত করেছে এবং আবাহনী লিমিটেড, মোহামেডান স্পোর্টিং ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদও তাদের অংশগ্রহন নিশ্চিত করবে বলে জানা গেছে।

ফেডারেশনের সাধারন সম্পাদক বলেন, জাতীয় লিগে সব বিভাগীয় দলের অংশগ্রহনের কথা থাকলেও বরিশাল ও সিলেট বিভাগকে নিয়ে কিছুটা সমস্যা রয়েছে।

লিগ কমিটির সম্পাদক মঞ্জুর হোসেন মালু জানান, লিগে অংশগ্রহনকারী প্রতিটি দল দশ হাজার টাকা করে লাভ করবে। এছাড়া প্রথম পর্বে দলগুলো প্রতিটি জয়ের জন্য আরও পাঁচ হাজার টাকা করে পাবে। চুড়ান্ত পর্বে উন্নীত দলগুলোকে দেয়া হবে এক লাখ টাকা করে।