আফ্রিদির বোলিং তোপে ওয়েস্ট ইন্ডিজের পরাজয়, পাকিস্তানের সিরিজ জয়
পাকিস্তান স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় একদিনের আর্ন্তজাতিক ম্যাচে ৪০ রানে পরাজিত করে সিরিজ জয় করে নিল।
ক্যারিবিয়ানদের বিরুদ্ধে চলতি মৌসুমে এটা তাদের টানা সপ্তম জয় এবং চ্যাম্পিয়নস ট্রফি জেতার পর ১২ টি ম্যাচের মধ্যে ১১তম জয়। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
টসে জয়লাভের পর পাকিস্তান প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বোলিং আক্রমণে পাকিস্তান কিছুটা চাপের মধ্যে পড়লেও ৮ উইকেটে ২৫৮ রানের একটি সন্তোষজনক স্কোর দাঁড় করাতে সক্ষম হয়। অধিনায়ক ইনজামাম-উল-হক-এর ৫১ এবং ইউনুস খানের ব্যাট থেকে আসা ৪৮ রান দলের সংগ্রহকে সমৃদ্ধ করে। ইউসুফ ইয়োহানার ব্যাট থেকে পাকিস্তানের ৫০ রান পূর্ণ হওয়ার পরই ব্যক্তিগত ২১ রানের মাথায় ওয়াভেল হাইন্ডসের বলে তিনি কট বিহাইন্ড হন। এরপর ইনজামাম ক্রিজে নেমেই হাইন্ডসের প্রতি অবিচার করেন এবং বেদম পিটিয়ে ৩০ ওভারে দলের রান ৩ উইকেটে ১৩৪-এ পৌঁছে দেন।
গেইলের ফুল টস বল খেলতে গিয়ে ইনজামাম আহত হয়ে মাঠ ছাড়েন। রাজ্জাক এসেও দ্রুত রান তোলার ব্যাপারে মনোযোগী হন এবং ১৬ বলে ২০ রান করে কলিমোর বলে আউট হন।
প্রথম ওয়ান ডে ম্যাচে ১৯২ রানের টার্গেট চেজ করতে ব্যর্থ হওয়া ওয়েস্ট ইন্ডিজ-এর দ্বিতীয় ম্যাচের শুরুটা বেশ ঝলমলে ছিল। জেভিয়ার মার্শাল ৪৫ বলে ৪৩ রান করে সাব্বিরের বলে আউট হয়ে যান। এরপর রমেশ সারওয়ান এবং শিবনারায়ণ চন্দরপলের উইকেট দুটি দ্রুত খুইয়ে ওয়েস্ট ইন্ডিজ ব্যাক ফুটে চলে যায়। তখন দলীয় সংগৃহীত রান
১১৪-৪।
রোনাকো মর্টন-র অর্ধশত রান পূর্ণ হয়েছে আম্পায়ার বিলি ডকট্রোভ এর বদান্যতায়। রাজ্জাক এবং আফ্রিদির দুটি সুস্পষ্ট এলবিডব্লিউ আপীল নাকচ হয়ে যাওয়ায় তিনি লাইফ পান। পরে আফ্রিদির স্লো বল খেলতে গিয়ে তিনি আউট হন। আফ্রিদি ৯ বলে তিনটি উইকেট তুলে নেন। ইয়ান ব্রেডশোকে আউট করার পর তার সংগ্রহীত উইকেটের সংগ্রহ দাঁড়ায় ৪।
ব্রাউন শেষ পর্যন্ত পিটিয়ে খেলে রানের ব্যবধান কিছুটা কমিয়ে আনতে সক্ষম হলেও পরাজয় ঠেকাতে পারেননি। শেষের দুই উইকেটের পতন হয় মাত্র ৫ বলে।
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এটাই পাকিস্তানের প্রথম সিরিজ জয়। সোমবার পাকিস্তানের সাথে তৃতীয় এবং শেষ ওয়ানডে ম্যাচটি ওয়েস্ট ইন্ডিজের জন্য শুধুমাত্র মর্যাদার লড়াই হিসেবে অনুষ্ঠিত হবে।
