২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাফুফে ভবন উদ্বোধন

ফিফার গোল প্রজেক্টের আওতায় ঢাকার আরামবাগে নবনির্মিত ফুটবল ফেডারেশন ভবনের জাঁকজমকপূর্ন উদ্বোধনের মধ্য দিয়ে রোববার পেশাদার ফুটবলের এক নতুন যুগে পা রাখল বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2005, 06:49 PM

Updated : 26 Apr 2022, 05:32 PM

ফিফা গোল ব্যুরোর চেয়ারম্যান, ফিফার নির্বাহী কমিটি’র সদস্য এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের সভাপতি মোহাম্মদ বিন হাম্মাম রোববার সাড়ে ১২টায় ভবনের উদ্বোধন করেন। এসময় বাফুফের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। হাম্মাম বাফুফে ভবনে একটি চিত্র প্রদর্শনীরও উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, বাফুফে সভাপতি এসএ সুলতান, ফিফা ডেভলপমেন্ট অফিসার মনিলাল ফার্নান্দো, এএফসি সাধারণ সম্পাদক পিটার ভেলাপ্পন, ফিফার নির্বাহী সদস্য উরাউই মাকুদি এবং জাপান ফুটবল এসোসিয়েশনের সদস্য ইচিরো ফুজিতা। এছাড়া কলকাতা, শ্রীলংকা এবং নেপাল ফুটবল এসোসিয়েশনের প্রতিনিধিরাও এসময় উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষনে মোহাম্মদ বিন হাম্মাম বলেন,“ আজকের দিনটি আমার জন্য সত্যিকার অর্থেই একটি ঐতিহসিক এবং স্মরণীয় দিন।” ভবন নির্মানে যারা সার্বিকভাবে সহযোগিতা করেছেন হাম্মাম তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

পিটার ভেলাপ্পন তার বক্তব্যে বলেন, “বাফুফে ভবন বাংলাদেশের ফুটবলের উন্নয়নের পথে একটি পদক্ষেপ এবং সাফল্য অর্জনের জন্য আপনাদের সকলকেই সঠিক পথে এগিয়ে যেতে হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান, এসএ সুলতান, মনিলাল ফার্নান্দো এবং মাকুদিও বক্তব্য রাখেন।

এরআগে পবিত্র কোরান তেলোয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। ক্ষুদে পন্ডিতের পাঠশালার প্রায় শ’খানেক ক্ষুদে ফুটবলার প্রধান অতিথিকে সালাম জানায় এবং অতিথিদের সামনে ফুটবল খেলা প্রদর্শন করে। অনুষ্ঠানে স্পন্দন শিল্প গোষ্ঠির শিল্পীরা দেশাত্ববোধক গানের সাথে ডিসপ্লে প্রদর্শন করে। এরপর হাম্মাম স্থানীয় সাংকাদিকদের সাথে এক সংবাদ সম্মেলনে যোগ দেন।

ফিফার প্রথম গোল বাফুফে ভবন তৈরী শেষ হওয়ার পরই বাংলাদেশে দ্বিতীয় প্রজেক্টের কাজ শুরু হবে বলে সংবাদ সম্মেলনে উপস্থিত সংগঠক এবং সাংবাদিকদের আশ্বস্ত করেন।

এক প্রশ্নের জবাবে হাম্মাম বলেন,“ আমরা ভিশন এশিয়া অথবা ভিশন বাংলাদেশের আওতায় বাংলাদেশের ফুটবলে পেশাদারিত্ব আনতে তাড়াহুড়ো করতে চাইনা। তবে খুব শিগগিরই ভিশন এশিয়া এবং ভিশন বাংলাদেশের মধ্যে মেলবন্ধন স্থাপনের চেষ্টা করব।”

জাতীয় ক্রীড়া পরিষদের কাছ থেকে প্রাপ্ত দুই বিঘা জমির উপর লাইব্রেরী, জিমনেশিয়াম, মেডিকেল সেন্টার, আর্কাইভ, প্লোয়ার ডরমেটরি, কনফারেন্স রুমসহ অন্যান্য সযোগ সুবিধা সম্বলিত চারতলা এই ভবন তৈরিতে এএফসি চার লাখ ডলার আর্থিক সহায়তা প্রদান করেছে।

উদ্বোধনী দিন বিকেলে দেশের সাবেক দশ কৃতি ফুটবলার এবং পাঁচ সংগঠককে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সাবেক জাতীয় ফুটবলার এবং বাফুফে সভাপতি পানি সম্পদ মন্ত্রী হাফিজউদ্দিন আহমেদকে ফিফা সেন্টেনিয়াল অ্যাওয়ার্ড অব মেরিট পদক দেয়া হবে।