২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিটারসেন ও বেলের জোড়া শতকে ইংল্যান্ডের শক্ত প্রতিরোধ

ফয়সালাবাদ টেস্টে জমে উঠেছে ব্যাট-বলের লড়াই। বোলারদের ঘাম ঝরানোর পাশাপাশি চলছে ব্যাটসম্যানদের ব্যাটিং ক্যারিশমা। পাকিস্তানের প্রথম ইনিংসে ৪৬২ রানের জবাবে সফরকারী ইংল্যান্ড তৃতীয় দিন শেষে সাত উইকেট হারিয়ে ৩৯১ রান করেছে।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2005, 06:06 PM

Updated : 26 Apr 2022, 06:19 PM

তৃতীয় দিনের খেলায় সেঞ্চুরি হাঁকিয়েছেন পিটারসেন আর ইয়ান বেল। মূলত এই দুই ব্যাটসম্যানের ব্যাট হেসে উঠায় ফয়সালাবাদে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে ইংল্যান্ড। দিনের শেষভাগে গ্যারিয়েন্ট জোন্সের হাফ সেঞ্চুরি আর জাইলসের মাটি কামড়ে পড়ে থাকায় পাকিস্তানি বোলারদের সারাদিন শুধু ঘামই ঝরেছে। পুরো দিনে তাদের শিকার চার উইকেট।  

দ্বিতীয় দিনেই সফরকারীরা তিন উইকেটে ১১৩ রান নিয়ে ফিরে যায়। আগের দিনের দুই অপরাজিত ব্যাটসম্যান পিটারসেন চার আর ইয়ান বেল ৩৬ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেন। শুরুতেই দুজনই কিছুটা আড়ষ্ট থাকলেও ক্রমশই খোলস ছেড়ে বেরিয়ে আসতে থাকেন তারা। বিশেষ করে রান সংগ্রহে বেলের চাইতে পিটারাসেনই বেশি আগ্রাসী ছিলেন। বেলের পর উইকেটে আসলেও পিটারসেনই আগে সেঞ্চুরি করেন।

এই জুটিতে ১৫০ রান যোগ হওয়ার পর পিটারসেন শোয়েব আখতারের বলে মোহাম্মদ ইউসুফের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন। আর যাওয়ার আগে ১৩৭ বলে ছয়টি চার ও তিনটি ছয়ের মাধ্যমে ঠিক ১০০ রান করে যান। এটা তার ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। পিটারসেন শোয়েবের যে বলে আউট হন তার ঠিক আগের বলেই ছক্কা মেরে সেঞ্চুরি নিশ্চিত করেন।

ইয়ান বেলের সাথে জুটি বাঁধেন অ্যাশেজ হিরো অ্যান্ড্রু ফ্লিনটফ। কিন্তু দশ বল খেলে মাত্র এক রান সংগ্রহ করেই শোয়েব আখতারের বলে বোল্ড হয়ে যান তিনি।

পরবর্তীতে বেলের মাথে আরেকটি কার্যকর জুটি গড়ে তোলেন ইংলিশ উইকেটরক্ষক গ্যারিয়েন্ট জোন্স। এই জুটিতে রান উঠে ৫৫।

এরমধ্যে ইয়ান বেলও তার টেস্ট শতকের দেখা পেয়ে যান। দলের ৩২৭ রানে শহীদ আফ্রিদির বলে উইকেটরক্ষক কামরান আকমলের হাতে ক্যাচ দেওয়ার আগে বেল ২৭২ বলে সাতটি চারের মাধ্যমে করেন ১১৫ রান। 

এরপরের জুটিতে জোন্স আর স্পিনার অ্যাশলি জাইলস স্কোর বোর্ডে দলের রানের সাথে মূল্যবান ৫১ রান যোগ করেন। দলীয় ৩৭৮ রানে শহীদ আফ্রিদির বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন জোন্স। তবে আউট হওয়ার আগে ৮৬ বলে আটটি চারের মাধ্যমে ৫৫ রান করেন জোন্স। দিনশেষে জাইলস ২৩ এবং উদাল ছয় রানে অপরাজিত রয়েছেন।

পাকিস্তানের বোলারদের মধ্যে শোয়েব আখতার, রানা নভেদ ও শহীদ আফ্রিদি যথাক্রমে ৭৬, ৬৩ ও ৭৪ রানের বিনিময়ে দু’টি করে উইকেট লাভ করেন। মোহাম্মদ সামি নেন এক উইকেট।