বেলজিয়াম দলে ফিরলেন ডে ব্রুইনে
চোট কাটিয়ে বেলজিয়াম দলে ফিরেছেন ম্যানচেস্টার সিটির তারকা মিডফিল্ডার কেভিন ডে ব্রুইনে।
চলতি মাসে হতে যাওয়া নেশন্স লিগের চার দলের ফাইনালসের জন্য শুক্রবার ২৪ জনের দল ঘোষণা করেন বেলজিয়াম কোচ রবের্তো মার্তিনেস।
গত জুন-জুলাইয়ে হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে কোয়ার্টার-ফাইনালে ইতালির বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে গোড়ালির লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছিল ডে ব্রুইনের। ফলে তিনি গত মাসে বেলজিয়ামের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলো খেলতে পারেননি।
নেশন্স লিগের সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার বেলজিয়াম মুখোমুখি হবে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের। শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনেস স্মরণ করলেন ইউরো ২০২০ এ তাদের ব্যর্থতার কথা। তার মতে, নেশন্স লিগে চূড়ান্ত সাফল্য পেলেও তাদের পক্ষে ইউরোর দুঃখ ভোলাটা সহজ হবে না।
"কোনো কিছুতেই ওই হতাশা মুছবে না। কিন্তু এখন সেটি অতীত। আমি মনে করি, (ইউরোর পর) দল ভালোভাবে ঘুরে দাঁড়িয়েছে। এখন আমরা একটি চমৎকার প্রতিযোগিতার জন্য প্রস্তুত, যে লড়াইয়ে উঠতে আমাদের কঠোর পরিশ্রম করতে হয়েছে।"
"এটি একটি ভিন্ন টুর্নামেন্ট। আশা করি, আমরা এই ম্যাচগুলোর মাধ্যমে নতুন উচ্চতায় উঠতে পারব; কিন্তু এটি অতীতের কোনো যন্ত্রণা ভুলিতে দিতে পারবে না।"
নেশন্স লিগের প্রথম সেমি-ফাইনালে মুখোমুখি লড়বে ইতালি ও স্পেন। দুই সেমি-ফাইনালের বিজয়ী লড়বে আগামী ১০ অক্টোবরের ফাইনালে।
