২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলিসন-এদেরসনদের খেলালে শাস্তি পেতে পারে ইংলিশ ক্লাবগুলো

আন্তর্জাতিক বিরতিতে দক্ষিণ আমেরিকার খেলোয়াড়দের না ছেড়ে বিপাকে পড়তে বসেছে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। এসব খেলোয়াড়দের আগামী সপ্তাহের ম্যাচে খেলালে ফিফার শাস্তির মুখে পড়তে পারে তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2021, 09:05 PM

Updated : 07 Apr 2022, 11:36 PM

চলমান আন্তর্জাতিক বিরতিতে নিজেদের ব্রাজিয়ান খেলোয়াড়দের ছাড়েনি লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি ও ম্যানচেস্টার সিটি।

ফিফার নিয়ম অনুযায়ী, আন্তর্জাতিক বিরতিতে যে খেলোয়াড়দের ছাড়া হয়নি, বিরতি শেষে তাদের পাঁচ দিনের জন্য নিষিদ্ধ করা যেতে পারে। সূত্রের বরাত দিয়ে বুধবার রয়টার্স জানিয়েছে, এই নিয়মটি কার্যকরের জন্য ফিফার দ্বারস্থ হয়েছে ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন (সিএবএফ)।

সিবিএফ-এর একজন মুখপাত্র অবশ্য বলেন, এই ধরনের কোনো পদক্ষেপের বিষয়ে তিনি জানেন না।

নিয়মটি কার্যকর হলে প্রিমিয়ার লিগের ক্লাব উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স, নিউক্যাসল ইউনাইটেড, ওয়াটফোর্ড এবং চ্যাম্পিয়নশিপের দল ব্ল্যাকবার্ন রোভার্স এই সময়ে তাদের চিলির, মেক্সিকো ও প্যারাগুয়ের খেলোয়াড়দের পাবে না।

ফিফার নিয়মে বলা আছে, পাঁচ দিনের এই নিষেধাজ্ঞার সময়ে কোনো ক্লাব বিশেষ ওই খেলোয়াড়দের দলে নিলে শাস্তির মুখে পড়বে। আগামী ১০ থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে নিষেধাজ্ঞার এই সময়।

বিষয়টি নিয়ে ফিফা কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। প্রিমিয়ার লিগ ও ফুটবল অ্যাসোসিয়েশনের তাৎক্ষনিক মন্তব্যও জানতে পারেনি রয়টার্স।

গণমাধ্যমের খবর, ওই খেলোয়াড়দের নিষেধাজ্ঞার নিয়মটি কার্যকর হলে তার বিরুদ্ধে আপিল করবে প্রিমিয়ার লিগের ক্লাবগুলো। তাদের বিশ্বাস, কোভিড-১৯ এর এই বিশেষ সময়ে এমন কোনো পদক্ষেপ নেওয়াটা অযৌক্তিক।

করোনাভাইরাস মহামারীর কারণে যুক্তরাজ্য সরকারের লাল তালিকায় পড়েছে লাতিন আমেরিকার সব দেশ। এসব দেশ থেকে ফিরে বাধ্যতামূলক ১০ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে সবাইকে। এতে লিগে পরের কয়েকটি ম্যাচে ওই খেলোয়াড়রা অনিশ্চিত হয়ে পড়বে বলে ক্লাবগুলো তাদের খেলোয়াড় ছাড়েনি।

আগামী রোববার লিডস ইউনাইটেডের বিপক্ষে তিন ব্রাজিলিয়ান আলিসন, ফাবিনিয়ো ও রবের্তো ফিরমিনোকে ছাড়াই হয়তো খেলতে হবে লিভারপুলকে। লিডস পাবে না রাফিনিয়াকে।

একইভাবে গোলরক্ষক এদেরসন, গাব্রিয়েল জেসুসকে শনিবার লেস্টার সিটির বিপক্ষে পাবে না ম্যানচেস্টার সিটি। ম্যানচেস্টার ইউনাইটেড পাবে না ফ্রেদকে, আর থিয়াগো সিলভাকে চেলসি।

অ্যাস্টন ভিলা ও টটেনহ্যাম হটস্পারের তিন খেলোয়াড় আর্জেন্টিনার হয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নেমেছিলেন। কিন্তু পাঁচ মিনিট পরই ব্রাজিলের স্বাস্থ্য বিভাগের হস্তক্ষেপে শেষ পর্যন্ত স্থগিত হয়ে যায় ম্যাচটি।

প্রিমিয়ার লিগে খেলা আর্জেন্টিনার চার খেলোয়াড় কোয়ারেন্টিনের নিয়ম ভেঙেছে বলে অভিযোগ এনে মাঠে নেমে পড়েছিল স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তারা। ফিফা এরই মধ্যে স্থগিত হওয়া ম্যাচটি নিয়ে তদন্ত শুরু করেছে।

অ্যাস্টন ভিলার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেস, টটেনহ্যামের ডিফেন্ডার ক্রিস্তিয়ান রোমেরো ও মিডফিল্ডার জিওভানি লো সেলসো ওই ম্যাচে আর্জেন্টিনার একাদশে ছিলেন। অ্যাস্টন ভিলার মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়া ছিলেন গ্যালারিতে।