বার্সার চোট সমস্যা আরও বাড়ল
নতুন মৌসুম শুরুর আগে বার্সেলোনা শিবিরে চোটাক্রান্ত ফুটবলারের সংখ্যা বেড়েই চলেছে। এবার চোট পেয়ে ছিটকে গেলেন দলটির আরেক ডিফেন্ডার অস্কার মিনগেসা।
এক বিবৃতিতে মঙ্গলবার লা লিগার দলটি জানায়, বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন তরুণ এই স্প্যানিয়ার্ড। কত দ্রুত তিনি কাটিয়ে উঠতে পারবেন, এর ওপর তার মাঠে ফেরা নির্ভর করছে বলে জানানো হয়েছে।
গত রোববার ডিফেন্ডার ক্লেমোঁ লংলে ও দলটির নতুন সদস্য সের্হিও আগুয়েরোর চোটের বিষয়টি জানিয়েছিল কাতালান ক্লাবটি। ডান পায়ের পেশির চোটে ১০ সপ্তাহের জন্য ছিটকে গেছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড আর লংলে ভুগছেন হাঁটুর টেনডন সমস্যায়।
এর আগে গত বৃহস্পতিবার জানানো হয়েছিল মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ংয়ের ডান পায়ের পেশিতে চোটের বিষয়টি।
গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কাম্প নউয়ের দলটির হয়ে ৩৯ ম্যাচ খেলেছেন ২২ বছর বয়সী মিনগেসা। ছিলেন সদ্য শেষ হওয়া টোকিও অলিম্পিকসে ফুটবলে রুপা জেতা স্পেন দলের সদস্য। চোট পাওয়ার আগে গ্রুপ পর্বে দুই ম্যাচে ও কোয়ার্টার-ফাইনালে কোত দি ভোয়ার বিপক্ষে খেলেছিলেন তিনি।
গত এপ্রিলে ২০২৩ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ান মিনগেসা।
আগামী ১৫ অগাস্ট রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ দিয়ে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা।
