বার্সেলোনা কোচের কড়া সমালোচনায় রিভালদো
প্রতিপক্ষের ক্লান্তি কাজে লাগানোর সুযোগ থাকলো না বার্সেলোনার, কিকে সেতিয়েনের এই ভাবনা মোটেও ভালো লাগেনি রিভালদোর। করোনাভাইরাস পরিস্থিতিতে ম্যাচে পাঁচ জন বদলি খেলোয়াড় নামানোর নিয়ম নিয়ে বার্সেলোনা কোচের মন্তব্যের সমালোচনা করেছেন সাবেক এই মিডফিল্ডার।
সেতিয়েনের মতে, বার্সেলোনা অনেক ম্যাচ জেতে শেষ দিকে ঘুরে দাঁড়িয়ে, যখন প্রতিপক্ষ খেলোয়াড়রা ক্লান্ত হয়ে যান। নতুন নিয়মে বেশি বদলি খেলোয়াড় নামানোর সুযোগ থাকায় বার্সেলোনা এই সুবিধা আর পাবে না বলে শঙ্কা কোচের।
বেটফেয়ারে নিজের কলামে সেতিয়েনের এই মনোভাবের সমালোচনা করেন দলটির সাবেক মিডফিল্ডার রিভালদো।
“পাঁচ বদলির নিয়ম কিছু দলকে বাদ রেখে অন্যদের সুবিধা দেবে, আমি এমনটি মনে করি না। কারণ সব দলের জন্যই খেলোয়াড় পরিবর্তনের একই নিয়ম।”
ব্রাজিলের হয়ে ২০০২ বিশ্বকাপ জেতা এই তারকা সেতিয়েনের সঙ্গে ভিন্ন মত পোষণ করে বলেন, বার্সেলোনার মতো দলের ম্যাচের শুরু থেকেই জেতার মনোভাব নিয়ে মাঠে নামা উচিত।
ছবি: বার্সেলোনা
“বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদের মতো ক্লাবে খেলোয়াড়দের অবশ্যই ম্যাচের শুরু থেকে নিজেদের সেরা খেলাটা খেলতে হবে।”
করোনাভাইরাস পরিস্থিতিতে সব লিগই যখন কম সময়ের মধ্যে মৌসুম শেষ করার চেষ্টা করছে, তখন ম্যাচে পাঁচ বদলির নিয়মে অনেক সুবিধা দেখছেন ১৯৯৭ থেকে ২০০২ পর্যন্ত কাম্প নউয়ে খেলা রিভালদো।
করোনাভাইরাসের কারণে প্রায় তিন মাসের বিরতি শেষে বৃহস্পতিবার সেভিয়া-রিয়াল বেতিস ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লা লিগা। বার্সেলোনা নিজেদের প্রথম ম্যাচ খেলবে শনিবার, রিয়াল মায়োর্কার বিপক্ষে।
