২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিয়াল মাদ্রিদ: প্রজন্মের লড়াইয়ে পালাবদলের গল্প

পাঁচ মৌসুমের মধ্যে চারবার চ্যাম্পিয়ন্স লিগ জয়, এর মাঝে টানা তিনের অনন্য কীর্তি। ২০১৬-১৭ মৌসুমের রিয়াল মাদ্রিদ দলটিকে গত কয়েক দশকের অন্যতম সেরা বললেও হয়তো ভুল হবে না। রোনালদো-মদ্রিচ-রামোস-মার্সেলোদের নিয়ে বিশ্ব জয় করা দলটি আজ পার করছে কঠিন সময়। তারকা খেলোয়াড়দের বয়সের দিকে তাকালেই স্পষ্ট হয়ে যায় এর কারণ; পালাবাদলের মধ্যে দিয়ে যাচ্ছে ইউরোপীয় ফুটবলের সফলতম ক্লাবটি।

আব্দুল মোমিন আব্দুল মোমিন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2020, 11:04 PM

Updated : 18 Aug 2022, 02:51 PM

পালাবদলের প্রথম ধাপটি স্পষ্ট হয়ে চোখে পড়েছিল গত মৌসুমে। পরীক্ষিত সৈনিকরা একের পর এক ম্যাচে ছিলেন একাদশের বাইরে। তাদের জায়গায় নতুনদের ওপর ভরসা রাখতে দেখা যায় কোচকে। ফলাফল?

লা লিগার শিরোপা লড়াই থেকে অনেক আগে ছিটকে যায় তারা। মৌসুম শেষ করে লিগ টেবিলের তিনে থেকে। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে যায় শেষ ষোলোর ফিরতি লেগে ঘরের মাঠে আয়াক্সের বিপক্ষে বড় ব্যবধানে হেরে। কোপা দেল রের সেমি-ফাইনালে উঠলেও পথচলাটা মসৃণ ছিল না। শেষ ষোলোয় দুর্বল লেগানেসের মাঠে হেরে বসেছিল তারা।

দলের অমন ব্যর্থতায় এক মৌসুমেই নতুন তিন কোচ পায় দলটি। আগের মৌসুম শেষে ছেড়ে যাওয়ার ১০ মাসের মাথায় পুনরায় দায়িত্ব নেন জিনেদিন জিদান। তবে ওই কয়েক মাসেই পাল্টে গেছে চিত্র। রেখে গিয়েছিলেন ইউরোপ সেরার আসনে, আর ফেরার পর ফরাসি এই কোচের সামনে মূল লক্ষ্য ছিল পরের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ খেলা নিশ্চিত করা!

এ মৌসুমের চিত্রও খুব একটা আশাব্যঞ্জক নয়। কোপা দেল রের কোয়ার্টার-ফাইনাল থেকে ছিটকে গেছে তারা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে হেরে বিদায়ের শঙ্কায় পড়েছে দলটি। লা লিগায় অবশ্য এখনও ভালোমতোই আছে শিরোপা লড়াইয়ে। করোনাভাইরাসের ছোবলে যদিও সব থমকে গেছে।

চূড়া থেকে পতন-পালাবদলের শুরুটা নিশ্চিতভাবেই ক্রিস্তিয়ানো রোনালদোর চলে যাওয়া। ‘গোল মেশিন’ ওই শূন্যতা আজও পূরণ করতে পারেনি দলটি। সঙ্গে পুরানোদের নিজেকে হারিয়ে ফেলা দলকে আরও কোণঠাসা করে ফেলেছে।

সান্তিয়াগো বের্নাবেউয়ে এখন নতুনের ছড়াছড়ি, ১৮ থেকে ২৪ বছর বয়সের মধ্যে আছেন প্রতিভাবান বেশ কয়েকজন:

আন্দ্রি লুনিন, আশরাফ হাকিমি, এদের মিলিতাও, ফেরলঁদ মঁদি, ফেদে ভালভেরদে, তাকেফুচা কুবো, মার্তিন ওদেগার্দ, হেইনিয়ের জেসুস, লুকা ইয়োভিচ, ভিনিসিউস জুনিয়রও রদ্রিগো।

ঘাটতি নেই অভিজ্ঞতার। আছেন থিবো কোর্তোয়া, দানি কারভাহাল, সের্হিও রামোস, নাচো ফের্নান্দেস, মার্সেলো, কাসেমিরো, টনি ক্রুস, লুকা মদ্রিচ, গ্যারেথ বেল, এদেন আজার, করিম বেনজেমা।

নতুন-পুরনোর মিশেলে স্বাভাবিকভাবেই একাদশে জায়গা পাকা করার লড়াই বেশ জমে উঠেছে। এমন ১০টি পজিশনের লড়াই তুলে ধরা হলো:

ওদেগার্দ (২১ বছর বয়সী) বনাম মদ্রিচ (৩৪)

ইউরোপ সেরা প্রতিযোগিতায় রিয়ালের টানা তিন শিরোপা জয়ের অন্যতম কারিগর ছিলেন মদ্রিচ। তবে সময় পাল্টেছে, একাদশে এখন আর নিয়মিত সুযোগ পান না এই ক্রোয়েশিয়ান।

তারই স্বদেশি ওদেগার্দ ২০১৫ সালে রিয়ালে যোগ দেওয়ার পর প্রথম দুই মৌসুম কাটান যুব দলে। এরপর গত তিন মৌসুম ধারে খেলেছেন ভিন্ন তিন দলে। রিয়ালের মূল দলে এখনও তার তেমন পরীক্ষা না হলেও, তরুণ এই মিডফিল্ডারকে মদ্রিচের উত্তরসূরি হিসেবে দেখছে বের্নাবেউয়ের ক্লাবটি।

ভালভেরদে (২১) বনাম ক্রুস (৩০)

এরই মধ্যে মূল দলে জায়গা অনেকটা পাকা করে ফেলেছেন ভালভেরদে। এ মৌসুমে অধিকাংশ ম্যাচে উরুগুয়ের এই মিডফিল্ডারকেই একাদশে রেখেছেন কোচ। ফলে অনেক ম্যাচে জার্মান মিডফিল্ডার ক্রুসকে বেঞ্চে বসে থাকতে দেখা গেছে।

রিয়ালের সাম্প্রতিক সময়ের অধিকাংশ সাফল্যের অন্যতম নিয়ামক ছিল মাঝমাঠে মদ্রিচ-ক্রুসের রসায়ন। ভালভেরদে নিয়মিত হওয়ায় সেটা ভেঙে গেছে।

মৌসুমে এখন পর্যন্ত ভালভেরদের যে পারফরম্যান্স, তাতে তাকে একাদশের বাইরে রাখাটা বেশ কঠিন।

ভিনিসিউস (১৯) বনাম আজার (২৯)

ক্যারিয়ারের শুরু থেকেই আক্রমণভাগের বাঁ দিকে খেলতে অভ্যস্ত ভিনিসিউস। যদিও আজার দলে আসায় নিজের প্রিয় পজিশন হারানোর শঙ্কায় আছেন ব্রাজিলিয়ান তরুণ।

অবশ্য মৌসুমের শুরুতে চেলসি ছেড়ে রিয়ালে আসার পর দুই ধাপের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আছেন বেলজিয়ান ফরোয়ার্ড। মাঝের এই সময়ে দুর্দান্ত পারফরম্যান্সে একাদশে নিজের জায়গার দাবি জানিয়েছেন ভিনিসিউস। বিশেষ করে মার্চের শুরুতে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ২-০ গোলের জয়ে অসাধারণ খেলে একটি গোলও করেন তিনি।

তাই দুজনকেই একাদশে রাখতে হলে হয়তো আজারকে অন্য পজিশনে খেলানোর ব্যাপারে ভাবতে হবে কোচ জিদানকে।

রদ্রিগো (১৯) বনাম বেল (৩০)

গত কয়েক মৌসুম ধরেই দলে বেলের জায়গা নড়বড়ে। ওয়েলস ফরোয়ার্ডকে দল ছেড়ে দিতে চায় বলেও খবর আছে। ফলে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রদ্রিগোই যে রাইট উইংয়ে কোচের প্রথম পছন্দ-তা একরকম নিশ্চিত।

এই মৌসুমে বেশ কয়েকটি ম্যাচেই বেল ও ভাসকেসকে বেঞ্চে রেখে রদ্রিগোকে একাদশে রাখেন জিদান। কোচের আস্থার প্রতিদান দিতেও কোনো ভুল করেননি তরুণ রদ্রিগো।

আশরাফ (২১) বনাম কারভাহাল (২৮)

বের্নাবেউ ক্যারিয়ারে দুর্দান্ত সব পারফরম্যান্সে দলে জায়গা পাকা করে ফেলেছেন কারভাহাল। নিজের করে নিয়েছেন রাইট-ব্যাক পজিশন।

অন্যদিকে, মরক্কোর ডিফেন্ডার আশরাফ গত দুই মৌসুম ধারে বরুসিয়া ডর্টমুন্ডে যে আলো ছড়িয়েছেন, তাতে রিয়ালের মূল দলেও যে তিনি খেলতে প্রস্তুত তা প্রমাণ হয়েছে।

আগামী গ্রীষ্মে মাদ্রিদের ক্লাবে তার ফেরা নিশ্চিত। ফলে রাইট-উইং পজিশন নিয়ে কারভাহালের সঙ্গে আশরাফের যে জমজমাট একটা লড়াই হবে, তাতে কোনো সন্দেহ নেই।

মঁদি (২৪) বনাম মার্সেলো (৩১)

গত দুই মৌসুমে ধীরে ধীরে লেফট-উইংয়ে জায়গা হারিয়ে ফেলেছেন মার্সেলো। প্রথমভাগে তাকে বেঞ্চে রেখে সের্হিও রেগিলনকে সুযোগ দেন কোচ। সঙ্গে এবার যোগ হয়েছে মঁদির নাম।

গত বছরের জুনে প্রায় পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বের্নাবেউয়ে যোগ দেওয়া মঁদির রিয়ালে অভিষেক হয় সেপ্টেম্বরে, ভিয়ারিয়ালের বিপক্ষে। শুরুর কয়েক ম্যাচের আশানুরূপ পারফরম্যান্সে কোচের আস্থা অর্জন করেন ফরাসি এই ডিফেন্ডার।

মাঝে কয়েক ম্যাচে সুযোগ পেলেও তেমন আলো ছড়াতে পারেননি মার্সেলো। শুনতে হয়েছে সমালোচনাও। আসছে গ্রীষ্মে তার দল-বদলের গুঞ্জনের খবরও এসেছে।

লুনিন (২১) বনাম কোর্তোয়া (২৭)

পোস্টের নিচে নিঃসন্দেহে কোচ জিদানের প্রথম পছন্দ কোর্তোয়া। অন্যদিকে, লুনিন ২০১৮ সালে রিয়ালে যোগ দিলেও এখনও এর মূল দলে খেলার সুযোগ পাননি। এই সময়ে যথাক্রমে ধারে খেলেছেন লেগানেস, ভাইয়াদলিদ ও ওভিয়েদোয়। তবে ইউক্রেনের তরুণ এই গোলরক্ষকের সামর্থ্যে যথেষ্ট বিশ্বাস আছে স্পেনের সফলতম দলের।

ইয়োভিচ (২২) বনাম বেনজেমা (৩২)

রোনালদো চলে যাওয়ার পর থেকে আক্রমণভাগের মূল দায়িত্ব সামলাচ্ছেন বেনজেমা। এবারের লিগে দলের পক্ষে সর্বোচ্চ ১৪ গোল করেছেন তিনি। স্বদেশি স্ট্রাইকারকে বসানোর কোনো ভাবনাও নেই জিদানের।

বেনজেমার পাশে থেকে আক্রমণভাগের শক্তি বাড়ানোর উদ্দেশেই সার্বিয়ান স্ট্রাইকার ইয়োভিচকে মৌসুমের শুরুতে দলে ভেড়ায় রিয়াল। তবে এখন পর্যন্ত নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি।

মিলিতাও (২২) বনাম রামোস (৩৪)

বয়স হয়ে গেছে ৩৪ বছর। তবে দুর্দান্ত সব পারফরম্যান্সে রামোস প্রমাণ করে চলেছেন, সেটি শুধুই সংখ্যা। ১৯ বছর বয়সে রিয়ালে যোগ দেওয়ার পর থেকে একাদশে নিয়মিত তিনি। আর এখন তো রক্ষণে মূল ভরসা।

তবে তার বয়সকে বিবেচনায় রেখেই মৌসুমের শুরুতে পোর্তো থেকে প্রায় পাঁচ কোটি ইউরো ট্রান্সফার ফিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মিলিতাওকে দলে টানে রিয়াল। এখনও অবশ্য মূল দলে খুব বেশি সুযোগ পাননি তিনি। কারণটা বোধগম্য, সেন্ট্রাল ডিফেন্সে রামোসের সঙ্গে ভারানের জুটি যে বেশ কার্যকর।

কুবো (১৮) বনাম ইসকো (২৭)

গেল মৌসুমের ব্যর্থতা ঝেড়ে ফেলে গত কয়েক মৌসুমে স্বরূপে ফেরার আভাস দিলেও বের্নাবেউয়ে ইসকোর ভবিষ্যৎ নিশ্চিত নয়।

২০১৮-১৯ মৌসুমে বাজে পারফরম্যান্স এবং ওই সময়ের কোচ সান্তিয়াগো সোলারির সঙ্গে বিবাদে জড়ানোর পর থেকে দলে স্প্যানিশ এই মিডফিল্ডারের জায়গা নড়বড়ে হয়ে পড়েছে।

বিপরীতে, জাপানিজ মিডফিল্ডার কুবো বয়সে ও অভিজ্ঞতায় তরুণ। তবে তার প্রতিভায় বিশ্বাসের কোনো কমতি নেই রিয়ালের। তাই ভবিষ্যতে যে দলটির মাঝমাঠে অন্যতম ভরসার নাম হতে পারেন কুবো, তা বেশ জোর দিয়েই বলা যায়।