২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেসির সমর্থনে বার্সার অনলাইন কর্মসূচি

কর ফাঁকির অভিযোগে কারাদণ্ডের শাস্তি পাওয়া লিওনেল মেসির পাশে দাঁড়াতে এবার অনলাইনের সামাজিক যোগোযোগের মাধ্যমকে বেছে নিয়েছে বার্সেলোনা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2016, 06:51 PM

Updated : 12 Apr 2022, 02:25 AM

২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত প্রায় প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকির জন্য বুধবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলার আর তার বাবা হোর্হে মেসিকে ২১ মাসের কারাদণ্ড দেয় স্পেনের আদালত। 

কঠিন এই সময়ে বার্সেলোনা তাদের সমর্থকদের মেসির পাশে চায়। কাতালান ক্লাবটি টুইটারে মেসির একটি ছবি দেয়। সেখানে তারা উইআরঅললিওমেসি হ্যাশট্যাগ ব্যবহার করে তারকা এই ফরোয়ার্ডকে সমর্থন জানাতে বলে।

বার্সেলোনা একটি বিবৃতিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে তাদের এই প্রচারণার বিষয়টি জানায়।

“আর্জেন্টিনার এই খেলোয়াড় আর তার বাবাকে কারাদণ্ড দেওয়ার পর লিও মেসির সমর্থনে বার্সেলোনা একটি কর্মসূচি শুরু করেছে।”

স্পেনে সহিংস অপরাধ না করলে দুই বছরের নিচে সাজার ক্ষেত্রে কারাবাস হয় না। মেসি ও তার বাবার আগের কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকায় তাদের আপাতত কারাগারে যেতে হবে না।

তবে জরিমানার শাস্তি থেকে রেহাই পাবেন না তারা। আদালত মেসিকে ২০ লাখ ইউরো ও তার বাবাকে ১৫ লাখ ইউরো জরিমানা করেছে।

আদালতের রায়ের পর বার্সেলোনা বিবৃতি দিয়ে জানিয়েছিল নিজেকে ‘রক্ষা’ করতে মেসি যে সিদ্ধান্ত নেবে, বার্সেলোনা তা সমর্থন করবে। আর মেসি জানিয়েছিলেন এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন তিনি।