২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পেনাল্টিগুলো ‘জার্মানদের’ মতো হয়নি

ইতালির বিপক্ষে নাটকীয় টাইব্রেকারে জয় পেলেও নিজেদের পেনাল্টি কিকগুলো নিয়ে সন্তুষ্ট নন মাটস হুমেলস। জার্মানি দলের মানের শট তারা নিতে পারেননি বলে মনে করেন এই ডিফেন্ডার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jul 2016, 08:53 PM

Updated : 12 Apr 2022, 02:23 AM

ফ্রান্সের বোর্দোতে গত শনিবার টাইব্রেকারে ইতালিকে ৬-৫ ব্যবধানে হারিয়ে সেমি-ফাইনালে উঠে জার্মানি। টাইব্রেকারে প্রথম ৫টি করে নেওয়া শটে দুই দলের তিন জন করে বল জালে পাঠাতে ব্যর্থ হন। জার্মানির হয়ে গোল করতে পারেননি মেসুত ওজিল, বাস্টিয়ান শোয়াইনস্টাইগার ও মুলার।

এর পর সাডেন ডেথে টানা চার শটে গোল করেন জার্মানির হুমেলস, জসুয়া কিমিচ, জেরোম বোয়াটেং ও ইয়োনাস হেক্টর।

বরুসিয়া ডর্টমুন্ডের ডিফেন্ডার হুমেলস বিবিসিকে বলেন, “জার্মান দলের মতো শট নেইনি আমরা। আপনি এটা বিশ্বাস করতে পারবেন না, কিন্তু হ্যাঁ, আমরা অনুশীলনে কয়েকবার পেনাল্টি কিক নেওয়া প্র্যাকটিস করেছি।”

“আমি খুব খুশি যে আমি গোল করেছি কারণ, আজ (শনিবার) কোন শট আমার জন্য ভালোভাবে কাজে আসতে পারে তা অনুশীলন করেছি-কারণ, গতকাল এটা কাজে এসেছিল।”

মার্সেইতে আগামী বৃহস্পতিবার সেমি-ফাইনালে জার্মানির প্রতিপক্ষ স্বাগতিক ফ্রান্স। নিষেধাজ্ঞার কারণে ম্যাচটিতে খেলতে পারবেন না হুমেলস।